Partha Chatterjee: পুজোর আগে জেলমুক্তি পার্থর? আর কিছুক্ষণ পরই রায় দেবে হাইকোর্ট - Bengali News | Will West Bengal former minister Partha Chatterjee get bail in CBI case? - 24 Ghanta Bangla News
Home

Partha Chatterjee: পুজোর আগে জেলমুক্তি পার্থর? আর কিছুক্ষণ পরই রায় দেবে হাইকোর্ট – Bengali News | Will West Bengal former minister Partha Chatterjee get bail in CBI case?

Spread the love

আজ কি কলকাতা হাইকোর্টে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়?Image Credit: TV9 Bangla

কলকাতা: তিন বছরের বেশি তিনি জেলে রয়েছেন। এবার পুজোর আগে কি জেল থেকে ছাড়া পাবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তিনি জেল থেকে বেরতে পারবেন কি না, তা আজই (শুক্রবার) নির্ধারণ হবে। এদিন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের একটি মামলার রায় দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ। এদিন জামিন মঞ্জুর হলেই পুজোর আগে জেল থেকে ছাড়া পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্য়াটে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। সোনাদানাও উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করা হয়। এরপর সিবিআই-ও পার্থকে গ্রেফতার করে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম জড়ায়।

ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান পার্থ। কিন্তু, তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় জেল থেকে বেরতে পারেননি। নিম্ন আদালত থেকে একাধিক মামলায় জামিন পেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এখন প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলা বিচারাধীন হাইকোর্টে।

এই মামলায় গত ২৭ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। এই মামলায় রাজসাক্ষী হন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তারপর তাঁর নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পার্থর আইনজীবী আদালতে সওয়াল করেন, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। তাহলে কেন তাঁর মক্কেল জামিন পাবেন না? সিবিআইয়ের যুক্তি, নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’ পার্থ চট্টোপাধ্যায়। তিনি জেল থেকে বেরলে তদন্তে ব্যাঘাত হতে পারে। গত ১৫ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয়। বিচারপতি রায় স্থগিত রাখেন। ওই মামলারই রায় এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ঘোষণা করবেন বিচারপতি শুভ্রা ঘোষ। এখন দেখার, ৩ বছর পর পুজোর আগে জেল থেকে বেরতে পারেন কি না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *