Begun Posto Recipe: এমন স্বাদের বেগুন পেলে তো ভুলে যাবেন চিকেন লেগ পিসও – Bengali News | Delicious Begun Posto recipe to cook at home during Durga Puja or Navratri 2025
বাঙালির দুর্গাপুজো মানে যেমন – অঞ্জলি, প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা, তেমনই কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া। আমিষ-নিরামিষ মিলিয়ে সে এক হইহই ব্যাপার। বাঙালির খাওয়া-দাওয়ার কথা যেখানে, সেখানে পোস্ত থাকবে তা কখনও হয়। তার উপর অষ্টমীর দিনটা তো নিরামিষে কাটে অনেকের। সেদিন কী খাবেন তা নিয়ে মাথা খারাপ করেন অনেকে। সেখানে কিন্তু মুশকিল আসান হতে পারে পোস্ত। আলুপোস্ত তো সারা বছর খান। পুজোর দিনে না হয় ভরসা রাখুন অন্য পদে। চট করে রেঁধে ফেলুন বেগুন দিয়ে পোস্ত। গরম ভাত বা ফলকো লুচি সবের সঙ্গে অসাধারণ লাগবে এই বেগুন পোস্ত।
উপকরণ:
২ টি বেগুন লম্বা করে কাটা
৪ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদ অনুযায়ী নুন
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
৪ টেবিল চামচ পোস্ত
১ টুকরো আদা
৪ টি কাঁচা লঙ্কা
১/২ চা চামচ কালো জিরে
প্রয়োজন মতো জল
প্রণালী:
বেগুন পোস্তর জন্য ভাল বড় বেগুন হওয়াটা আবশ্যক। তাই বাজারে গিয়ে কেনার সময় সেটা খেয়াল রাখবেন। বেগুন লম্বা করে চার টুকরো করে কেটে নিন। ভাল করে জলে ধুয়ে নিন। পোকা আছে কিনা ভাল করে দেখে নেবেন। এবার নুন-হলুদ মাখিয়ে ভেজে তুলে নিন। বেগুন কাটবেন যখন বোঁটা ফেলবেন না। বোঁটা শুদ্ধু বেগুনের কিন্তু স্বাদ আলাদা।
পোস্ত, আদা, কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে বেটে নিন। পেস্ট রেখে দিন। তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিন। পোস্ত বাটা দিয়ে মশলা অল্প কষিয়ে নিন। ভাজা বেগুন ও এক কাপ জল দিয়ে তা ফুটতে দিন। ঘন হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস তৈরি আপনার বেগুন পোস্ত।
অষ্টমী হোক বা নবরাত্রির যে কোনও একদিন, নিরামিষ খানায় এই রেসিপি কিন্তু হতে পারে কামাল। সবচেয়ে বড় বিষয় ভাত বা লুচি দুইয়ের সঙ্গে জমে যাবে বেগুন পোস্ত।