'আগে হিরো হয়ে যাও, তারপর চা খাবে...', কে বলেছিলেন দেবকে? - Bengali News | Who got annoyed with dev for asking for tea - 24 Ghanta Bangla News
Home

‘আগে হিরো হয়ে যাও, তারপর চা খাবে…’, কে বলেছিলেন দেবকে? – Bengali News | Who got annoyed with dev for asking for tea

Spread the love

‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চে মেগাস্টার দেব মঞ্চে আনলেন তাঁর জার্নির সঙ্গে জড়িত সবচেয়ে প্রিয় মানুষদের। এর মধ্যে আছে টলিপাড়ার হারু বা হারুদা। যিনি শুটিংয়ের সময়ে সকলের খাওয়াদাওয়ার দেখাশোনা করেন। দেবের বাংলা ছবির করার প্রথম থেকে হারু তাঁর সঙ্গী।

হারুর মুখ থেকেই জানা গেল, এক অদ্ভুত গল্প। দেব যখন প্রথম কলকাতায় আসেন, শিয়ালদহতে থাকতেন। বাসে করে স্টুডিয়ো পাড়ায় আসতেন। হারুর টিমে তপন নামে একজন ছিলেন। তাঁর কাছে দেব বেশ কয়েকবার চা খেতে চেয়েছিলেন। সে কথা শুনে সে প্রায় ধমক দিয়ে দেবকে বলেন, ‘আগে হিরো হয়ে যাও, তারপর চা খাবে’। এই ঘটনার খুব অল্প সময় পর দেব ‘আই লাভ ইউ’ করে ফেলেন। সেই ছবির পরের ছবির জন্য দেব একদিন মিটিং করতে গিয়েছিলেন এসভিএফ প্রযোজনা সংস্থার অফিসে। সেখান থেকে বের হওয়ার সময়ে দেব দেখতে পান সেই তপনকে। সেখানে তখন অন্য ছবির শুটিং চলছিল। তপনকে দেব ডেকে বলেন, ‘আমি এখন হিরো হয়ে গিয়েছি!’

এই গল্প চোখে জল এনেছে অনুরাগীদের। দেব প্রথম বাংলা ছবি করতে আসার পর যথেষ্ট স্ট্রাগল করেছেন। সেই সময়ে যখন দেব চা চাওয়ার জন্য ধমক খেয়েছিলেন, তখন তাঁর নিশ্চয়ই মনটা একটু খারাপ হয়েছিল। কিন্তু দেব একদমই ভেঙে পড়েননি। বরং দ্রুত হিরো হয়ে উঠেছেন। তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। মহেন্দ্র সোনি এদিন বলেন, দেবের প্রথম ছবির পারিশ্রমিক ছিল ৭৫,০০০ টাকা। সঙ্গে প্রযোজক বলেন, দেব যখন এসেছিলেন, কোনও রেকমেন্ডেশন নিয়ে আসেননি। শুধু প্যাশন নিয়ে এসেছিলেন। এ কথা যে শোনার পর নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা যে উত্‍সাহিত হবেন, তা নিয়ে সংশয় নেই।

যে নায়ক চা চাওয়ার জন্য ধমক খেয়েছিলেন, এবার পুজোতে সেই মেগাস্টারের ছবি ‘রঘু ডাকাত’-ই বড় পর্দায়। এবার দেবের অনুরাগীদের কেমন লাগে সেই ছবি, তা জানার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *