Sheikh Hasina: 'প্রতিদিন লাশ আর লাশ, পরাজিতদের পদলেহন করছে', ইউনূসকে খোঁচা হাসিনার, বাংলাদেশের জনতাকে একজোট হওয়ার ডাক দিলেন - Bengali News | Former Bangladesh PM Sheikh Hasina slams Muhammad Yunus government over present situation in Bangladesh - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina: ‘প্রতিদিন লাশ আর লাশ, পরাজিতদের পদলেহন করছে’, ইউনূসকে খোঁচা হাসিনার, বাংলাদেশের জনতাকে একজোট হওয়ার ডাক দিলেন – Bengali News | Former Bangladesh PM Sheikh Hasina slams Muhammad Yunus government over present situation in Bangladesh

Spread the love

অডিয়ো বার্তায় কী বললেন শেখ হাসিনা?Image Credit: TV9 Bangla

ঢাকা: তাঁর দেশ ছাড়ার এক বছর পেরিয়ে গিয়েছে। তবে বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন। পদ্মাপারের দেশের বর্তমান পরিস্থিতি দেখে ব্যথিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অডিয়ো বার্তায় সেকথাই বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বাংলাদেশকে রক্ষা করার জন্য সবার কাছে আহ্বান জানালেন তিনি। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নিয়েও খোঁচা দিলেন।

ওই অডিয়ো বার্তায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেন, “সবার কাছে আহ্বান জানাই, বাংলাদেশকে রক্ষা করুন। আমি আছি আপনাদের সঙ্গে। আমার তো হারাবার কিছু নেই। ঘর-বাড়ি যা ছিল, সব লুটপাট হয়ে গিয়েছে। বুলডোজার দিয়ে ভেঙেছে।” হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন মহম্মদ ইউনূস। তারপরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছেন তিনি। এই নিয়ে খোঁচা নিয়ে হাসিনা বলেন, “মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস করে দিয়েছে। থাকল কী বাংলাদেশের মানুষের? বিজয়ের ইতিহাস বিকৃত করা হয়েছে। পরাজিতদের পদলেহন করে যাচ্ছে। এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়েও সরব হয়েছেন হাসিনা। অডিয়ো বার্তায় তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করেছে। আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখন উন্নয়নশীল দেশের তকমা পেয়েছিল বাংলাদেশ। যে বাংলাদেশ ছিল বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল, আর আজ সেই বাংলাদেশ জঙ্গি-সন্ত্রাসীদের দেশ। প্রতিদিন লাশ আর লাশ।”

বাংলাদেশে আর আইনের শাসন নেই বলে মনে করেন হাসিনা। বলেন, “আওয়ামী লীগের নেতাদের জেলে পোরা হয়েছে। হাতকড়া পরিয়ে তাঁদের আদালতে আনা হয়। তখন বিচারকের সামনে তাঁদের উপর হামলা চালানো হয়। আইনের শাসন নেই। বিচারবিভাগ শেষ।”

প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার এই অডিয়ো বার্তায় বাংলাদেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল এনসিপি হাসিনার বক্তব্য নিয়ে সরব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *