Ministry of Tribal Affairs: আদিবাসী পড়ুয়াদের উন্নয়নে বড় পদক্ষেপ, চুক্তি স্বাক্ষর করল CIL ও NSTFDC – Bengali News | MoU signed between NSTFDC and Coal India to Empower 30,000 Tribal Students with Digital Learning, Mentorship and Better Infrastructure in EMRS
নয়াদিল্লি: সবকা সাথ, সবকা বিকাশ। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল ও সেখানকার মানুষকে উন্নয়নের শরিক করতে নানা পদক্ষেপ করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তেমনই আদিবাসী পড়ুয়াদেরও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পদক্ষেপ করছে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক। তারই অঙ্গ হিসেবে এবার কোল ইন্ডিয়া লিমিটেডের (CIL) সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র বড় পদক্ষেপ করল। ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ওড়িশার ৭৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল(EMRS)-র পরিকাঠামো উন্নয়নে চুক্তি স্বাক্ষর করল। এর ফলে ৩০ হাজার আদিবাসী পড়ুয়া উপকৃত হবে।
মঙ্গলবার নয়াদিল্লিতে CIL এবং ন্যাশনাল শিডিউলড ট্রাইবস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSTFDC) একটি চুক্তি স্বাক্ষর করল। এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জুয়েল ওরাম। ছিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই কেন্দ্রীয় মন্ত্রী
এই মুহূর্তে দেশে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের সংখ্যা ৪৭৯টি। সেখানে উচ্চমানের শিক্ষাদান হয়। পড়ুয়াদের পুষ্টি, স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়। তফসিলি উপজাতি (ST) পড়ুয়াদের সার্বিক উন্নয়নে নজর দেওয়া হয়। তফসিলি উপজাতির পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সেই মতো করে এই স্কুলগুলিতে তাদের প্রস্তুত করা হয়।
CIL তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) হিসেবে এই ৭৬টি স্কুলকে নানাভাবে সাহায্য করবে। স্কুলে কম্পিউটার দেওয়া, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো-সহ নানা পদক্ষেপের জন্য ১০ কোটি টাকা অনুমোদন করেছে CIL। কোল ইন্ডিয়া লিমিটেডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।