PM Ishiba to Step Down: বেছে বেছে সেপ্টেম্বরেই কেন পদত্যাগ? কাকতালীয় নাকি রহস্য - Bengali News | Japan PM Shigeru Ishiba to Step Down From His Post to Avert Split - 24 Ghanta Bangla News
Home

PM Ishiba to Step Down: বেছে বেছে সেপ্টেম্বরেই কেন পদত্যাগ? কাকতালীয় নাকি রহস্য – Bengali News | Japan PM Shigeru Ishiba to Step Down From His Post to Avert Split

Spread the love

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাImage Credit: PTI

টোকিও: সেপ্টেম্বর যেন ‘কাল’। গতবছর ঠিক এই সময়ই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। পরবর্তীতে তাঁর উত্তরাধিকার হিসাবে প্রধানমন্ত্রীত্ব পদ পান শিগেরু ইশিবা। কিন্তু এক বছর কাটতেই তাঁর মুখে শোনা গেল পদত্যাগের কথা।

রবিবার জাপানের অন্যতম সংবাদমাধ্যম এনএইচকে তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে ঘিরে দলের অন্দরে তৈরি হওয়া অসন্তোষের কারণেই নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী।

দলে কী নিয়ে অসন্তোষ? প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার পর, এই দলই অর্থাৎ লিবারল ডেমোক্র্যাটিক পার্টির সাংসদরাই ইশিবাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করেছিল। কিন্তু বছর ঘুরতেই হঠাৎ করে তাঁকে নিয়ে কেন বাড়ল অসন্তোষ? ওয়াকিবহাল মহল বলছে, শিগেরু ইশিবাকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়েছে শাসকদল। বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এমনকি, এনএইচকে-র সাংবাদিকদের খোদ জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন , গত জুলাই মাসে সংসদের উচ্চকক্ষের নির্বাচনে এলডিপি-র হারের জন্য ইশিবাকে ‘দায়ী’ মনে করে দল।

জাপানের বেশ কিছু সংবাদমাধ্যম প্রদত্ত তথ্য অনুযায়ী, রবিবার ইশিবা যখন নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন, তার ঠিক কয়েক ঘণ্টা আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক করেন দেশের কৃষিমন্ত্রী ও এক প্রাক্তন প্রধানমন্ত্রী। আর তারপরেই এই ঘোষণা।

সেপ্টেম্বরেই সরে এসেছিলেন ফুমিও কিশিদাও

অক্টোবরে দেশজুড়ে জাতীয় নির্বাচন। আর ঠিক তার দু’মাস আগে হঠাৎ করেই পদত্য়াগের কথা ঘোষণা করেছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেই সময় (পড়ুন ২০২৪ সালে) তাঁর পদত্যাগের কারণও ছিল এক। দলের শীর্ষ নেতাদের চাপ। ফুমিওকে ঘিরে দ্বিধাবিভক্ত দলের একটা বড় অংশ। তৈরি হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। তাই যেমন সরে এসেছিলেন কিশিদা। তেমনই এবার সরে আসার কথা ঘোষণা করে দিলেন শিগেরু ইশিবাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *