Kolkata Metro: ফের বাড়ল মেট্রো! হাওড়া টু সেক্টর ৫-এর পর আরও একটা ‘উপহার’ – Bengali News | Kolkata Metro To Run 284 Services in Blue Line From 25 Aug
কলকাতা: আরও বাড়ল মেট্রো পরিষেবা। এবার আগের থেকেও বেশি ঘনঘন মিলবে মেট্রো। শনিবার ঘোষণা করে সেই কথাই জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়েছে, আগের তুলনায় ২২টি মেট্রো বৃদ্ধি করা হয়েছে।
কিন্তু কোন রুটে এই বদল ঘটাল তারা? শনিবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গোটা দিনে ২৮৪টি ট্রেন চলবে। সহজ হিসাবে ১৪২টি মেট্রো দিনভর দু’বার আপ ও ডাউন লাইনে পরিষেবা প্রদান করবে। এর আগে পর্যন্ত এই পথে সারাদিনে ২৬২টি মেট্রো চলত। যা ২২টি বাড়িয়ে মোট ২৮৪টি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে সময়সূচিতে কোনও পরিবর্তন ঘটানো হয়নি বলেই জানা গিয়েছে। প্রতিদিনের মতোই সকাল ৬টা ৫০ মিনিট থেকে শুরু মেট্রো পরিষেবা। যা চলবে রাত ৯টা ৪৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোটি শহিদ ক্ষুদিরামের দিকে রওনা দেবে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে, রাত পৌনে ১০টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে শেষ মেট্রোটি।
উল্লেখ্য, শুক্রবারই কলকাতা শহরের যোগাযোগ ব্যবস্থায় কার্যত ঘটে গিয়েছে ‘বিপ্লব’। তিনটি নয়া রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যার মধ্যে একটি আবার সেক্টর ৫ থেকে হাওড়া স্টেশন। বর্তমানে তিনটি রুটের মধ্য়ে এই রুটটিই যে সাধারণের সবচেয়ে বেশি মনোগ্রাহী, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। আর প্রথম দিনের সফরে মানুষ কিঞ্চিৎ বিভ্রান্তি নিয়ে এটিকে সাদরে গ্রহণ করেছে।
