Road Accident: খড়গপুর পড়ছে মেয়ে, দেখা করে ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি অধ্যাপক বাবার, হাসপাতালে মা – Bengali News | Professor dies in road accident on way back to Siuri from Kharagpur IIT, wife hospitalized
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla
বিষ্ণুপুর: ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপকের। গুরুতর জখম স্ত্রী। খড়গপুর আইআইটি থেকে ফিরছিলেন সিউরিতে, পথেই ঘটে যায় এই ঘটনা। মৃতের নাম অমল কুমার পারি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অধ্যাপকের স্ত্রী চামেলি সামন্ত। খড়গপুরে পড়াশোনা করছেন তাঁদের মেয়ে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু পথেই যে তাঁদের জন্য ওৎ পেতে বসে আছে তা কে জানত!
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের শারীরবিদ্যা বিভাগের ওই অধ্যাপক তাঁর স্ত্রীর সঙ্গে নিজের গাড়িতে চড়ে গতকাল খড়গপুর আইআইটি-তে যান। সেখানে পাঠরতা মেয়ের সঙ্গে দেখা করে গতকাল দুপুরে দু’জনে ফিরছিলেন নিজেদের সিউড়ির বাড়িতে। গাড়ি চালাচ্ছিলেন অধ্যাপক নিজেই।
পশ্চিম মেদিনীপুরের ধাদিকার জঙ্গলের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের গাছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অধ্যাপক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় গড়বেতা থানার পুলিশ। সেখানেই অধ্যাপককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অধ্যাপকের স্ত্রী আহত থাকায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে।