Explained: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে কী কী পাবেন? কী কী পাবেন না? - Bengali News | Find out in detail what opportunities are available in Amader Para Aamader Samadhan Prakalpa - 24 Ghanta Bangla News
Home

Explained: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে কী কী পাবেন? কী কী পাবেন না? – Bengali News | Find out in detail what opportunities are available in Amader Para Aamader Samadhan Prakalpa

Spread the love

হন্যে হয়ে ঘুরতে হবে না সরকারি দফতরে দফতরে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব কিছু সুবিধা এক ছাতার তলার দিতে আগেই চালু হয়েছে দুয়ারে সরকার। বাস্তবায়নের কিছু সময়ের মধ্যে বঙ্গবাসীর মধ্যে ব্যাপক সাড়াও ফেলছিল এই প্রকল্প। এবার আরও তৃণমূল স্তরে মানুষের মানুষের সুবিধা-অসুবিধা বুঝতে চালু হয়ে গিয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। সরকার এক্কেবারে রুট লেভেলে গিয়ে প্রশাসনিক সুবিধা দিতে চাইছে আম-আদমি-কে। ঘোষণা মতো ২ অগস্ট থেকেই শুরু হয়ে গেল এই প্রকল্প। কিন্তু জানেন কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে? কোথায় যেতে হবে? 

শনিবার এই প্রকল্পের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা হয়েছে। সেখানেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’ কোন কোন কাজ হবে তা বিশদে বর্ণনা করা হয়েছে। মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এমন সমস্যার সমাধানের উপরেই মূলত জোর দেওয়া হচ্ছে। জোর দেওয়া হচ্ছে চটজলদি সমস্যা সমাধানের উপরেও। 

কোন কোন সমস্যা নিয়ে যেতে পারেন ক্যাম্পে? 

গোটা প্রকল্পে থাকছে মোট ১৬টি ক্ষেত্র। সেই ভাগ অনুযায়ী আপনার সমস্যা নিয়ে আপনি যেতে পারেন ক্যাম্পে। এই যেমন ধরুন আপনার পাড়ার ড্রেনটা খারাপ হয়ে পড়ে রয়েছে, বা ধরুন অনেক দিন থেকেই মোড়ের মাথার আলোটা আর জ্বলছে না, বা এলাকায় জলের ট্যাঙ্কের দাবি দীর্ঘদিনের, সেই সব সমস্যা নিয়েই আপনারা যেতে পারবেন ক্যাম্পে। ক্যাম্পে থাকা আধিকারিকদের দিতে হবে বিশদ বিবরণ। 

শুধু তাই নয়, ধরুন জলের ট্যাঙ্ক রয়েছে কিন্তু পাইপলাইন দিয়ে জল আসছে না অনেকদিন হয়ে গেল, এদিক ওদিক অনেক ছোটাছুটি করেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাহলেও আপনি যেতে পারেন ক্যাম্পে। শুধু তাই নয় কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতের মতো সমস্যা নিয়েও যেতে পারেন। আবার ধরুন দীর্ঘদিন থেকেই আপনার পাড়ার খেলার মাঠের বেহাল দশা, বা ধরুন এলাকায় ইলেকট্রিক পোল বসানোর দরকার বলে আপনার মনে হচ্ছে তাও বলতে পারেন ক্যাম্পে গিয়ে। অর্থাৎ, মানুষ রোজকার জীবনযাত্রার সঙ্গে জড়িত ছোটছোট সমস্যা আপনি আনায়াসেই গিয়ে বলতে পারেন ক্যাম্পে। সরকারি কর্মীদের জানাতে পারবেন নিজেদের সমস্যার কথা। তারপরে সেই সমস্যা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে শুরুতেই আপনাদের যেটা বলছিলাম সদ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা হয়েছে। তাতেই স্পষ্ট বলা হচ্ছে বড় ধরনের নির্মাণ কাজ বা জমি কেনা বা ভাড়া নেওয়া এই প্রকল্পে করা যাবে না। একইসঙ্গে গোটা প্রকল্প সুস্থভাবে পরিচালনা করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের সভাপতিত্বে সব দফতরের সচিব, কলকাতার পুরসভার কমিশনারকে নিয়ে তৈরি করা হয়েছে স্টেট লেভেল এপেক্স কমিটি। ১৩ জন আইএএস এবং বিসিএস আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। জেলাশাসকের নেতৃত্বে তৈরি করা হয়েছে জেলা স্তরের টাস্ক ফোর্স।

চলবে কতদিন? 

রাজ‍্যের মোট ৮০ হাজারের বেশি বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছবে রাজ্য সরকার। বুথ প্রতি বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কলকাতা পুরসভা এলাকায় দুটি বুথ নিয়ে একটি ক্যাম্প হবে।

রাজ্যজুড়ে ক‍্যাম্পের সংখ্যা ২৭ হাজারের উপর। চলবে ৬০ দিন। অর্থাৎ ২ অগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৩০ দিন ধরে চলবে জমা পড়া সমস্যার অর্থাৎ আপনি যে যে সমস্যা নিয়ে ক্যাম্পে গিয়েছিলেন তার প্রশাসনিক মূল্যায়ন। মানে সমস্যার গভীরতা কতটা, কীভাবে কাজ করা যেতে পারে, কত দ্রুত কাজ শেষ করা যায় সবটা নিয়ে আলোচনা করবেন ওই সরকারি কর্তারা। আর তারপরই অ্য়াকশন। নির্দেশিকা বলছে, ১৫ নভেম্বরের মধ্যে ক‍্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়া সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ট্র্যাক করতে পারবেন সমস্যা  

কাজ যে হচ্ছে তার স্বচ্ছতাও পুরোদমে রাখতে চাইছে সরকার। মানে অনলাইনে খাবার বা পার্সেল অর্ডার করার পর আপনি যেমন ট্র্যাক করতে পারেন এ ক্ষেত্রেও তা পারবেন। রয়েছে নির্দিষ্ট ওয়েব সাইট, রয়েছে কিউ আর কোড। apas.wb.gov.in গেলেই আপনি আপনার জমা করা সমস্যার কাজ কতদূর এগিয়েছে সবটাই দেখতে পাবেন। হ্যাঁ ওই সাইটে গিয়েই আপনার এলাকায় কবে ক্যাম্প হচ্ছে তাও দেখে নিতে পারেন। 

সরকার এও জানাচ্ছে এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য থাকছে দুয়ারে সরকারের ডেস্কও। অর্থাৎ আগের মতো apas.wb.gov.inস্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, রূপশ্রী-র মতো প্রকল্প বা ভাতা-র সুবিধা পেতে এখানে আবেদন করা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *