Sandeshkhali Nusrat Exclusive: আগুনে ঘি ঢালতে চান না নুসরত, সন্দেশখালি কি যাবেন তারকা সাংসদ – Bengali News | Sandeshkhali Basirhat TMC MP Nusrat Jahan Exclusive Reaction amid ongoing issues of Sandeshkhali
অবশেষে মুখ খুললনে নুসরতImage Credit source: TV9 Bangla and Facebook
সন্দেশখালি: তপ্ত সন্দেশখালি। ফুঁসছেন এলাকার সাধারণ মহিলারা। ভয়ঙ্কর সব অভিযোগ উঠে আসছে। রাস্তায় নেমে সরব হচ্ছেন তাঁরা। বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। তৃণমূল-বিজেপি সব পক্ষে নিজেদের মতো করে মুখ খুলছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসও আজ সন্দেশখালিতে গিয়েছিলেন। রাজ্য মহিলা কমিশনও ঘুরে এসেছে সন্দেশখালি থেকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে স্থানীয় সাংসদ অভিনেত্রী নুরসত জাহান এতদিন চুপ ছিলেন। যখন সন্দেশখালি ফুঁসছে, তখন এলাকার সাংসদ কোথায়? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকেই। অবশেষে মুখ খুললেন নুসরত। টিভি নাইন বাংলার প্রতিনিধিকে ফোনে সাংসদ অভিনেত্রী বললেন, তিনি নিয়মিতভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। খোঁজখবর নিয়েছেন।
বসিরহাটের তৃণমূল সাংসদ বললেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আর আমার কাজ আগুনে ঘি দেওয়া নয়। আমাদের সকলের কাজ এটাই হওয়া উচিত, যাতে আগুন নেভানো যায়। তাই সকলের উচিত প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা। যাতে প্রশাসনের লোকেরা নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সেটা নিশ্চিত করা উচিত।’
কিন্তু এলাকার সাধারণ মহিলারা যে চাইছেন নিজেদের সাংসদকে এই কঠিন সময়ে পাশে পেতে। যদি তারকা সাংসদ নুসরতের সাফাই, তিনি যদি ঘটনাস্থলে যান, তাহলে তাঁর সঙ্গে আরও পাঁচ জন যাবেন। বললেন, ‘আমি যাওয়ার মানে হচ্ছে, আমি যদি যাই, আমার সঙ্গে তো আরও পাঁচ জন লোক যাবে। ওখানে যে পরিস্থিতি রয়েছে, সেটাকে সম্মান করতে হবে। প্রশাসন সেখানে যে বিধি জারি করেছে (১৪৪ ধারা), সেটাকে আমাদের সম্মান করতে হবে।’