সোশ্যাল মিডিয়া দিয়েই চলত মগজ ধোলাই, ৪ আল কায়েদা জঙ্গিকে ধরল ATS – Bengali News | 4 Al Qaeda Linked Terrorist Arrested by Gujarat ATS, They used to Brainwash Via Social Media
আহমেদাবাদ: জঙ্গি দমনে বড় সাফল্য। আল কায়েদার সঙ্গে যুক্ত ৩ জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। ভিন রাজ্য থেকে ধরা পড়েছে আরও এক জঙ্গি। মোট ৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃত জঙ্গিরা আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তারা নকল নোটের র্যাকেট চালাত। একইসঙ্গে আল কায়েদার চিন্তাভাবনা প্রচার করত।
এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃত জঙ্গিদের নাম মহম্মদ ফইক, মহম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি। তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও বিভিন্ন সন্দেহজনক অ্য়াপ ব্যবহার করত আল কায়েদার চিন্তাধারা প্রচার করার জন্য। নিজেদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে অটো ডিলিট অ্যাপ ব্যবহার করত।
বর্তমানে ধৃতদের জেরা করা হচ্ছে। গুজরাট এটিএসের তরফে জানানো হয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ হয় তাদের।
সম্প্রতিই গুজরাটে জঙ্গি গতিবিধি নিয়ে তদন্তে নেমেই এটিএসের র্যাডারে আসে এই জঙ্গিরা। এরপর তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও চ্যাট ঘেঁটে তাদের কার্যকলাপের হদিস পায়।
প্রসঙ্গত, ওসামা বিন লাদেনের গুরু মাখতাব আল-খিদমতের হাত ধরেই আল কায়েদা তৈরি হয়েছিল। ১৯৯১ সাল পর্যন্ত তা আফগানিস্তান ও পাকিস্তান থেকেই পরিচালিত হত। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ওসামা বিন লাদেন ও তার সঙ্গীরাই এই জঙ্গি সংগঠন চালাত। বর্তমানে তা আফগানিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকায় একাধিক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে।
