Bangladesh: গুম করছে লাশ! বাংলাদেশ উত্তাল হতেই লাইনে এলেন ইউনূস - Bengali News | Hundreds of students protest near the site where jet crash into a school in Bangladesh - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: গুম করছে লাশ! বাংলাদেশ উত্তাল হতেই লাইনে এলেন ইউনূস – Bengali News | Hundreds of students protest near the site where jet crash into a school in Bangladesh

Spread the love

বিক্ষোভের মুখে পিছু হটল ইউনূস প্রশাসনImage Credit source: Social Media

ঢাকা: বেড়ে চলেছে মৃতের সংখ্যা। সন্তানহারা বাবা-মার কান্নায় ভারী ঢাকার বাতাস। এরই মাঝে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন সেদেশের পড়ুয়ারা। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন। মঙ্গলবার দুর্ঘটনাস্থলের সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে সরব হলেন পড়ুয়ারা। মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ইউনূস প্রশাসন।

সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কমপক্ষে ২৫ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

রাষ্ট্রীয় সেই শোকের মধ্যেই এদিন বিক্ষোভে উত্তাল হল বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয়, সংখ্যা লুকানোর অভিযোগে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তরার মাইলস্টোন কলেজ চত্বরে সকাল থেকেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি, নিহতদের নাম-পরিচয় প্রকাশে কারচুপি করছে ইউনূস প্রশাসন। মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনার বিরুদ্ধে। মৃতদেহ গুম করা হচ্ছে বলে অভিযোগ।

যে বিমানটি ভেঙে পড়েছে, তা চিনের তৈরি। চিনের কাছ থেকে কেন পুরনো বিমান কেনা হল, এই নিয়েও প্রশ্ন উঠেছে। এত বড় দুর্ঘটনার দায় কার? এই প্রশ্ন তুলে সরব হন পড়ুয়ারা। তাঁদের দাবি, ইউনূস সরকারকে এই মৃত্যুর দায় নিতে হবে। ৬ দফা দাবি-সহ পড়ুয়ারা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ। এমনকি, বিক্ষোভকারীদের উপর সেনা বলপ্রয়োগ করে বলে অভিযোগ।

শেষপর্যন্ত অবশ্য পড়ুয়াদের বিক্ষোভের জেরে পিছু হটে ইউনূস সরকার। বিক্ষোভকারীদের ৬ দফা দাবিই মেনে নিল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোনের ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ইউনূসের শিক্ষা ও আইন উপদেষ্টারা। আলোচনার পর ঠিক হয়েছে, আপাতত ক্যাম্পাসেই একটি তথ্য কেন্দ্র তৈরি হবে। সেখান থেকেই নিহত ও আহতের তথ্য পাওয়া যাবে। কেউ নিখোঁজ থাকলে মিলবে সেই তথ্য-ও। পাশাপাশি, নিহত ও আহত পরিবারগুলিকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ারও ব্যবস্থা হবে বলে জানিয়েছেন মহম্মদ ইউনূস। যে সেনাকর্মীদের হাতে পড়ুয়ারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *