British fighter jet: জল্পনা জিইয়ে রেখেই এক মাস পর ফিরে গেল ‘অতিথি’ – Bengali News | After month long snag in kerala british f 35b fighter jet finally flies home
তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিল ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান
তিরুবনন্তপুরম: এক মাসের বেশি খোলা আকাশের নিচে ঠায় দাঁড়িয়েছিল। তার কাছে অবশ্য কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না। এক মাস ৮ দিনের মাথায় ঘরের ছেলে ঘরের পথে রওনা দিল। মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশে উড়ে গেল ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমানটি।
গত ১৪ জুন তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধবিমানটি। যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। বিমানটি ভারত-প্রশান্ত মহাসাগর এলাকা থেকে ব্রিটিশ বিমানবাহী রণতরী HMS Prince of Wales থেকে উড়েছিল। পাইলট প্লেন নিয়ে আরব সাগরে উড়ছিলেন। একসময় তিনি দেখেন যে প্লেনে তেল নেই। আর এয়ারক্র্যাফট ক্যারিয়ার থেকে বহু দূরে আছেন। ফলে পাইলট আর জাহাজে ফেরার ঝুঁকি নেননি। তিনি এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান। ভারত অনুমতি দেওয়ায় তিরুবনন্তপুরম বিমানবন্দরে এসে নামে ব্রিটিশ ফাইটার জেট। এই এফ-৩৫বি মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি ৫ম প্রজন্মের যুদ্ধবিমান। ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বিমানটি বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান। ব্রিটেনের মতো নেটো দেশগুলো এ বিমান ব্যবহার করে। ওড়ার জন্য অল্প লম্বা রানওয়ে হলেই চলে। আর নামার সময়ে অনেকটা হেলিকপ্টারের মতো ভার্টিকালি নামতে পারে। ফলে, এয়ারক্র্যাফট ক্যারিয়ার থেকে অপারেট করার পক্ষে একেবারে আদর্শ। অবতরণের পর থেকে ওই বিমানবন্দরের রানওয়েতেই দাঁড় করানো ছিল যুদ্ধবিমানটিকে। নিরাপত্তারক্ষীরা বিমানটিকে ঘিরে রাখেন।
গত এক মাসে ব্রিটিশ এই যুদ্ধবিমান নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। বিমানে ঠিক কী ত্রুটি ছিল, তা এখনও জানা যায়নি। তবে এদিন ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কারের পর এদিন যুদ্ধবিমানটি ব্রিটেনের উদ্দেশে রওনা দিয়েছে।
ব্রিটিশ হাই কমিশনের এক মুখপাত্র জানান, ব্রিটেনের একটি ইঞ্জিনিয়ারিং টিম গত ৬ জুলাই থেকে যুদ্ধবিমানের যান্ত্রিক ক্রটি মেরামতি শুরু করেছিল। সেই মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পর এদিন বিমানটিকে উড়ানের অনুমতি দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার কথা বলেন তিনি।
