21st July-Paresh Paul: ভিতরে ঢুকতেই পারলেন না বিধায়ক পরেশ পাল, বসে রইলেন ধর্মতলায়, বললেন ‘মাথা ঘুরছে’ – Bengali News | TMC MLA Paresh Paul could not enter 21st July stage, claims he is not will
কলকাতা: সাংসদ-বিধায়ক থেকে শুরু করে জেলা বা ব্লকের সভাপতি, ২১ জুলাইয়ের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রায় সব তৃণমূলকর্মী। কিন্তু সেই সভায় ঢুকতেই পারলেন না বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। শুধুমাত্র বিধায়ক নন, পরেশ পাল তৃণমূলের অন্যতম বর্ষীয়ান নেতা। প্রতি বছর ২১ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। তবে এবার ভিতরেই ঢুকতে পারেননি তিনি।
এদিন সকালে নির্ধারিত সময়ে মঞ্চের কাছে উপস্থিত হয়েছিলেন পরেশ পাল। কিন্তু সেখান থেকে ফিরে চলে যান। সূত্রের খবর, মঞ্চে কারা থাকবেন, সেই তালিকায় নাম ছিল না পরেশ পালের। যদিও পরেশ পালের দাবি, তিনি অসুস্থ, তাই ফিরে গিয়েছেন।
উল্লেখ্য, ২০২১-এর অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জশিটে রয়েছেন বিধায়ক পরেশ পালের নাম। দীর্ঘদিন ধরে পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অভিজিৎ সরকারের পরিবার। তাঁদের দাবি, পরেশ পালের মদতেই ওই খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যে আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন পরেশ পাল।
তবে এদিন বিধায়ক দাবি করেন, অসুস্থবোধ হওয়াতেই ফিরে যান তিনি। পরেশ পাল বলেন, “আমার শরীর খারাপ। মাথা ঘুরছিল, তাই যেতে পারিনি।” দল কি দূরত্ব তৈরি করছে? এই প্রশ্নের উত্তরে কোনও উত্তর দিতে চাননি পরেশ।