শুভশ্রীর নেক-ট্যাটুর ছবি ভাইরাল, কী লেখা আছে ট্যাটুতে জানেন? – Bengali News | Do you know what’s written on Subhasree Ganguly’s neck tattoo
‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি নায়িকার একটা ছবি ভাইরাল হয়েছে শুটিং স্পট থেকে। সেখানে শুভশ্রীর নেক-ট্য়াটু দেখা যাচ্ছে। কী লেখা আছে এই ট্যাটুতে? TV9 বাংলার প্রশ্নের উত্তরে শুভশ্রী জানালেন, ”এই ট্যাটুটা সাত-আট বছর আগের। লেখা আছে মিসেস চকো”। সোশ্যাল মিডিয়াতে প্রথমে অনেকে মনে করেছিলেন, নায়িকার এই ট্যাটু নতুন। কিন্তু নায়িকা নিজেই খোলসা করলেন, বিষয়টা একেবারেই সেরকম নয়।
টলিউডের নায়িকারা অনেকেই ট্যাটু পছন্দ করেন। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান থেকে প্রিয়াঙ্কা সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, সকলেরই বিভিন্ন ট্যাটু রয়েছে। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল শুভশ্রীর। বিয়ের কাছাকাছি সময়ে এই ট্যাটু করেছিলেন তিনি। নেক-ট্যাটু অনেক সময়ে দেখা যায় না। তবে ‘ডান্স বাংলা ডান্স’-এর সেট থেকে শুভশ্রীর যে ছবিটা ভাইরাল হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ট্যাটু।
শুভশ্রী ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের দায়িত্ব যেমন সামলাচ্ছেন, তেমনই সিনেমা হলে চলছে তাঁর হিট ছবি ‘গৃহপ্রবেশ’। আবার ১৪ অগাস্ট মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘ধূমকেতু’। সেই ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী। নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এর শুটিং নিয়েও ব্যস্ত নায়িকা। সদ্য শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটা। এই বছর শুভশ্রী অভিনীত তিনটে ছবি মুক্তি পাচ্ছে। তবে সব কিছুর মাঝেই পরিবার নায়িকার প্রায়োরিটি। তাঁর নেক-ট্যাটুও সে কথাই জানান দেয়।