‘মরছে মুসলমান, মারছে মুসলমান’, বীরভূমে TMC নেতা বায়তুল্লা খুনে গ্রেফতার বসির খান
বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা বায়তুল্লা শেখ খুনে গ্রেফতার করা হল তাঁরই এক আত্মীয়কে। রবিবার ভোর রাতে ঘটনাস্থলের কাছেই বসির শেখ নামে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিবাদ থেকে এই খুন।
শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বায়তুল্লা। তখনই তাঁকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ৩টি বোমা লাগে বায়তুল্লার দেহে। বোমার আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মল্লারপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন বায়তুল্লা। বর্তমানে তাঁর স্ত্রী ওই পদে রয়েছেন। বড়তুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন তিনি।
এই ঘটনার পর শনিবার রাতে ঘটনাস্থলে পৌঁছন বীরভূমের পুলিশ সুপার অমনদীপ। এর পর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। ভোর রাত সাড়ে তিনটে নাগাদ ঘটনাস্থলের কাছ থেকেই বসির শেখ নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি বিবাদের জেরে খুন হয়েছেন বায়তুল্লা। তিনি যখন চায়ের দোকানে বসেছিলেন তখন তার উলটো দিকের দোকানে বসেছিলেন বসির। বসিরই ফোন করে বায়তুল্লা যে দোকানে রয়েছেন সে খবর দুষ্কৃতীদের দিয়েছেন বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি বায়তুল্লার আত্মীয়।