লোপামুদ্রা চিত্কার করলে, কেন জানলা বন্ধ করেন বর জয়, কী কাণ্ড জানুন – Bengali News | Do you know what kind of fights Joy Sarcar and Lopamudra Mitra have
‘দাদাগিরি’-র মঞ্চে এসে অনেক দম্পতি বিভিন্ন মজার কথা ভাগ করে নিয়েছেন। একবার সৌরভ গঙ্গোপাধ্যায় গায়িকা লোপামুদ্রা মিত্র আর সঙ্গীত পরিচালক জয় সরকারের মধ্যে কতটা ঝগড়া হয়, সেই প্রশ্ন করেছিলেন। উত্তরে দম্পতি যে গল্পটা বলেন, সেটা বেশ মজার। জয় বলেন, ”প্রথমদিকে ভীষণ চিত্কার করত লোপা। তখন ঝগড়ায় আমি পাল্লা দিতে পারতাম না। কারণ আমি জানলা বন্ধ করতে শুরু করতাম!” শুনে সৌরভ বলেন, ”চিত্রটা একবার ভাবুন। বউ ঝগড়া করছে আর বর জানলা বন্ধ করছে!”
প্রতিবেশীরা যাতে তাঁদের ঝগড়ার আওয়াজ শুনতে না পান, তাই নাকি লোপামুদ্রার মুখে-মুখে তর্ক না করে জয় সঙ্গে-সঙ্গে জানলা বন্ধ করতেন। এই কথা শোনার পর লোপামুদ্রা আবার বলেন, ”তা হলেই বুঝুন! জয় এরকম জানলা বন্ধ করে, যাতে বাইরের কেউ বুঝতে না পারে ও কীরকম চিমটি কাটে।” জয়-লোপামুদ্রার এমন গল্প শুনে সেখানে উপস্থিত অন্য দম্পতিরা সকলেই হেসে ফেলেছেন। যেমন বাবুল সুপ্রিয় এসেছিলেন তাঁর বউয়ের সঙ্গে। আবার নুসরত জাহান এসেছিলেন যশ দাশগুপ্তর সঙ্গে।
বাড়ির বাজার কে করেন, তা নিয়েও এদিন মত মেলেনি জয়-লোপামুদ্রার। গায়িকার দাবি, বাড়িতে বাজার করার দিকটা তাঁকেই সামলাতে হয়। আবার জয় বলেন, তিনি মাছের বাজারে গিয়ে দারুণ সব মাছ নিয়ে আসেন। মাছের বাজারে গিয়ে জয় আবার ছবি পোস্ট করেছেন, সেটাও দেখা যায়। তাই নিয়ে আরও কিছুটা হাসেন, সেখানে উপস্থিত সকলে। সব মিলিয়ে বর-বউয়ের ঝগড়া বিষয়ক গল্পটা বেশ উপভোগ্য লেগেছিল সৌরভের।