শঙ্কর ঘোষকে নিয়ে কুরুচিকর পোস্ট, ‘রহস্যময়ী’ মহিলার বিরুদ্ধে থানায় বিধায়ক - 24 Ghanta Bangla News
Home

শঙ্কর ঘোষকে নিয়ে কুরুচিকর পোস্ট, ‘রহস্যময়ী’ মহিলার বিরুদ্ধে থানায় বিধায়ক

Spread the love

বিজেপির রাজ্য সম্পাদক তথা বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে সমাজ মাধ্যমে ধারাবাহিকভাবে কুরুচিকর ও অশালীন পোস্ট করার অভিযোগে উঠল। এক মহিলা শঙ্কর সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করছেন বলে অভিযোগ। ওই মহিলার পরিচয় ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই অবস্থায় অভিযোগ নিয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন বিধায়ক।

আরও পড়ুন: TMCকে টক্কর দেওয়ার ক্ষমতা আর ওনার নেই, তাই আত্মসমর্পণ,এক শংকরের দলবদলে অন্য শংকর

অভিযোগ, স্বর্ণালি মজুমদার নামের এক রহস্যময়ী মহিলা এই ধরনের পোস্ট করছেন। এক্স হ্যান্ডেলে ওই মহিলা নিজেকে বেঙ্গালুরুর বাসিন্দা বলে দাবি করেন। গত কয়েকদিন ধরেই শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে বিভিন্ন কুরুচিকর পোস্ট করে চলেছেন তিনি। শঙ্কর ঘোষ জানান, ওই মহিলা বিজেপির আইটি সেলের কেউ নন, তাঁকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। এর আগেও তাঁকে বিজেপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে কুৎসা ছড়াতে দেখা গিয়েছে। এবার নির্বাচিত জনপ্রতিনিধিদের টার্গেট করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শুধু তাঁর নাম নয়, কলকাতা পুলিশের কমিশনার সহ প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তাদের নাম জড়িয়ে ওই অ্যাকাউন্ট থেকে অশালীন ভাষায় পোস্ট করা হচ্ছে।

শঙ্কর ঘোষের দাবি, ওই মহিলা নিজের পোস্টে নাকি লিখছেন পর্নচক্রে কারা যুক্ত তা তিনি জানেন। শুধু তাই নয়, তাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ বলেও দাবি করেছেন মহিলা। যদিও নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি তিনি। শঙ্করের অভিযোগ, তাঁর নাম ও ছবি জুড়ে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, শুধু একটি নয়, একাধিক অ্যাকাউন্ট থেকে বিজেপি নেতাকর্মীদের নামে কুৎসা ছড়ানো হচ্ছে। ঘটনায় রাজনৈতিক চক্রান্ত দেখছেন শঙ্কর ঘোষ।

বিজেপি বিধায়ক আরও জানান, কিছুদিন আগে ওই মহিলা ‘স্বর্ণালি’ পরিচয়ে নিজেকে বিজেপি আইটি সেলের প্রধান বলে দাবি করে কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন। তিনি একটি গ্রুপ তৈরি করেন এবং কীভাবে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে, তা শেখাতে শুরু করেন। কিন্তু পরে যখন জানা যায়, তিনি আসলে দলের কেউ নন। ফলে সঙ্গে সঙ্গেই তিনি গ্রুপ থেকে বেরিয়ে যান এবং মহিলার অ্যাকাউন্ট ব্লক করেন। এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিধায়ক। তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *