মুচিপাড়ায় বৃদ্ধা খুনের কিনারা, মগরাহাট থেকে ধৃত অভিযুক্ত, উদ্ধার সোনার গয়না - 24 Ghanta Bangla News
Home

মুচিপাড়ায় বৃদ্ধা খুনের কিনারা, মগরাহাট থেকে ধৃত অভিযুক্ত, উদ্ধার সোনার গয়না

Spread the love

কলকাতার মুচিপাড়া এলাকায় বছর ৭৬-র একাকী বৃদ্ধাকে খুনের কিনারা করল পুলিশ। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোররাতে ময়মূর আলি গাজি (৫৩) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। লালবাজারের গোয়েন্দাদের তৎপরতায় অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার চুরি যাওয়া সোনার গয়না এবং অন্যান্য সামগ্রী।

আরও পড়ুন: চুরির পর দরজা বাইরে থেকে তালাবন্ধ, মুচিপাড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন

বৃদ্ধা নমিতা পাল, সার্পেনটাইন লেনের বাসিন্দা ছিলেন। নিজের বাড়িতে একাই থাকতেন বহুদিন ধরে। দুই পুত্রের মৃত্যুর পর একাকীত্বই ছিল তাঁর সঙ্গী। দিনতিনেক আগে, বুধবার সন্ধ্যাবেলা তাঁর বাড়ির জানালা দিয়ে এলাকার বাসিন্দারা দেখতে পান যে পড়ে আছেন নমিতা। সন্দেহ হলে তাঁরা তৎক্ষণাৎ খবর দেন পুলিশকে।

মুচিপাড়া থানার পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধার দেহ উদ্ধার করে। পুলিশ জানতে পারে, আলমারির দরজা খোলা ছিল, ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। গোয়েন্দারা প্রাথমিক তদন্তে অনুমান করেন, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আততায়ী সম্ভবত চুরি-ডাকাতির উদ্দেশ্যেই ঢুকেছিল এবং হত্যার পর বাইরে থেকে দরজা বন্ধ করে চম্পট দেয়। ময়নাতদন্তের রিপোর্টেও স্পষ্ট হয়, নমিতা পালের মৃত্যু স্বাভাবিক নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই অনুযায়ী পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নামে। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্টও সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়।

সেই সূত্রেই তদন্তকারীরা পৌঁছান মগরাহাটে অভিযুক্ত ময়মূর আলি গাজির বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় চারটি সোনার চুড়ি, দুটি সোনার আংটি, একটি সোনার লকেট এবং কিছু রুপোর গয়না। এগুলি বৃদ্ধার বাড়ি থেকে চুরি গিয়েছিল বলে সন্দেহ। অভিযুক্তের কাছ থেকে পোশাক, ছাতা ও একটি ব্যাগও বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *