‘আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না’ শিক্ষকদের ফেরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের - 24 Ghanta Bangla News
Home

‘আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না’ শিক্ষকদের ফেরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

Spread the love

সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের গোটা প্যানেল। চাকরি গিয়েছে হাজার-হাজার শিক্ষকের। আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবার যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর দাবিতে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে প্লাই-প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রবেশপথে তালা লাগিয়ে তারা টানা চার ঘণ্টা ধরে আন্দোলন চালায়। তীব্র রোদেও আন্দোলন চালিয়ে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। তবুও দাবিতে অনড় থেকে তারা জানিয়ে দেয় ‘আমাদের ভবিষ্যৎ নিয়ে আর খেলতে দেব না।’ এমনই দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদের বেলডাঙার দেবপুর হাইস্কুলে।

আরও পড়ুন: কালীঘাটে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, ফিরতে হল চাকরিহারা শিক্ষকদের

বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষক-শিক্ষিকারাও স্কুলে ঢুকতে পারেননি। তাঁরা বাধ্য হয়ে দুপুর একটা পর্যন্ত পড়ুয়াদের সঙ্গে স্কুল চত্বরের বাইরেই অপেক্ষা করেন। জানা গিয়েছে, দেবপুর হাইস্কুলে মোট ৩২ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৬ জনের চাকরি বাতিল হয়েছে। তাঁরা ২০১৬ সালের এসএসসি প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছাত্র-ছাত্রীরা নিজেরাই সংগঠিত হয়ে এই প্রতিবাদে নেমেছে। তাদের বারবার বোঝানোর চেষ্টা করার পরেও তারা গেট খোলেনি। বিষয়টি জানানো হয়েছে এসআই, ডিআই, বিডিও ও আইসিকে। স্কুলে শিক্ষকের একাংশের বক্তব্য, ছাত্রছাত্রীদের দাবি ভুল কিছু নয়। শিক্ষক-শিক্ষিকা না থাকায় তাদের পড়াশোনায় বড় ক্ষতি হচ্ছে।

আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক না থাকায় নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে। যাঁদের চাকরি গিয়েছে, তাঁরা খুব ভালো পড়াতেন। তাঁদের অভাবে পরীক্ষার প্রস্তুতি ভালো হচ্ছে না। অবিলম্বে স্থায়ীভাবে তাঁদের স্কুলে ফেরাতে হবে। দশম শ্রেণির পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। তারা জানায়, গরমের ছুটির জন্য এতদিন প্রতিবাদ জানানো সম্ভব হয়নি। তাদের স্পষ্ট বার্তা, তাদের ভবিষ্যতের সঙ্গে কোনও আপস করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *