যিশুর শুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ঋতুপর্ণ, সত্যিটা জানালেন প্রসেনজিত্ – Bengali News | Prosenjit Chatterjee talks about Rituparna Ghosh
৩০মে ছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে শুটিং কী-কী হত, আর সেগুলো কীভাবে সামাল দিতে হত প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে, সেটাই খোলসা করলেন তিনি। প্রসেনজিতের কথায়, ”যীশু কেন প্রযোজক হয়েছিল জানি না! সেই সময়ে চার্চে একটা শুটিং করছিল ঋতুকে নিয়ে। আমাকে যীশু আর সানি (সানি ঘোষ রায়) ফোন করল। ঋতু নাকি শুটিং ছেড়ে চলে গিয়েছে।”
সেদিন চার্চে শুটিং চলছিল। যেভাবে আলো করা হয়েছিল শুটিংয়ের জন্য, সেটা নাকি পছন্দ হয়নি ঋতুপর্ণর। প্রসেনজিতের কথায়, ”তখন মোবাইল ফোন নেই। আমি এনটিওয়ান বা ওরকম কোথাও শুটিং করছিলাম। তারপর ঋতুর বাড়ি গেলাম। বললাম, ”এটা কী ন্যাকামি হচ্ছে? তুই কীরকম আলো চাস অভীককে (অভীক মুখোপাধ্যায়) বলে দে। শুটিং করতে যা”।” শুধু নিজের শুটিং নয়, অন্য কারও শুটিংয়ে ঋতুপর্ণকে নিয়ে কিছু বাধলে যে তখনও ফোন যেত টলিপাড়ার অভিভাবক প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের কাছে, সেটা তাঁর কথায় স্পষ্ট।
প্রসেনজিত্ আর ঋতুপর্ণ ঘোষ একসঙ্গে কাজ করেছিলেন ‘গানের ওপারে’ ধারাবাহিকে। সেই ধারাবাহিক চলাকালীন দু’ জনের মধ্যে মতবিরোধ হয়েছিল। প্রসেনজিতের বক্তব্য সেই সময়ে কোনও ঝগড়া তাঁরা লুকিয়ে রাখতেন না। তাই মিডিয়ার সকলে জানেন এই ঘটনার কথা। এরকম ঝগড়া চলা অবস্থাতেও ‘বাপি বাড়ি যা’ ছবিটা যখন শুরু করছেন প্রসেনজিত্ তখন মিমি চক্রবর্তী আর অর্জুন চক্রবর্তীকে আশীর্বাদ করার জন্য তিনি ডেকেছিলেন ঋতুপর্ণকে। তিনিও এসে কেক কেটে গিয়েছিলেন। এমনই নানা কথা উঠে এল ঋতুপর্ণর জন্মদিনে, প্রসেনজিতের স্মৃতিচারণায়।