বাদলায় বিপত্তি! বাজ পড়ে আগুন ধরে গেল সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডে - 24 Ghanta Bangla News
Home

বাদলায় বিপত্তি! বাজ পড়ে আগুন ধরে গেল সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডে

Spread the love

বাদলা মরশুমে চরম বিপত্তি পোহাতে হল সরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তাঁদের আত্মীয়দের। বজ্রপাতের জেরে আগুন লেগে গেল ওই সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডে।

আজ (সোমবার – ২৬ মে, ২০২৫) এই ঘটনা ঘটে হুগলির চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে, সকাল থেকে জেলায় আকাশের মুখ ছিল ভার। মাঝেমধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি নামছিল। তার সঙ্গে বাজ পড়ারও আওয়াজ পাওয়া যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হাসপাতালের অন্দরের কাজ চলছিল তা নিজস্ব ছন্দে।

এমন সময় হঠাৎই এক বিকট শব্দ হয়। তারপরই দেখা যায় আগুন লেগে গিয়েছে হাসপাতালের তিনতলায় থাকা মহিলা ওয়ার্ডে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃষ্টি বাদলার মধ্যেই হাসপাতালের পিছন দিকে একটি বাজ পড়ে। তার ফলে মহিলা ওয়ার্ডের অক্সিজেন লাইন ও বিদ্যুতের কনসিলে আগুন ধরে যায়।

আগুন দেখে রোগী ও হাসপাতালের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত সকলকে হাসপাতালের ওই অংশ থেকে বের করে আনা হয়। দমকলে খবর দেওয়া হয়। পাশাপাশি, হাসপাতালের কর্মীরাও অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করে দেন। তাতে লাভ হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত না হলেও অক্সিজেন ও ইলেকট্রিক লাইনের ক্ষতি হয়েছে।

হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার ইনচার্জ দেবাশিস বিশ্বাস এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘বাজ পড়ে হাসপাতালের একটি ওয়ার্ডের অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন লেগে যায়। তড়িঘড়ি হাসপাতালে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজে লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ করা হয়।’

আর, হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানিয়েছেন, ‘হাসপাতালে ফিমেল ওয়ার্ডের খুব কাছে বাজ পড়ে। যে কারণে অক্সিজেন পাইপ লাইন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। হাসপাতালে কর্মীরা এসে আগুন নেভান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *