দল নয়, সবার আগে দেশ! আরএসএসের শতবর্ষে সমাজকে নতুন মোহন-বার্তা

নয়াদিল্লি: অনুকূল সময় এসেছে, কিন্তু সেই সুযোগ নিজেদের স্বার্থে কাজে লাগানো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) উদ্দেশ্য নয়। বরং দেশের স্বার্থকে জাতপাত, ধর্ম, ভাষা, প্রদেশ এমনকী রাজনৈতিক দলের ঊর্ধ্বে স্থান দিতে হবে। সংঘের শতবর্ষ উদ্যাপনের সমাপ্তি অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর বক্তব্য, দেশে প্রভাবশালী স্বয়ংসেবকদের একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করতে সংঘ সফল হয়েছে। কিন্তু বৃহত্তর লক্ষ্য এখনও পূরণ হয়নি। এবার সংগঠনের গণ্ডি পেরিয়ে গোটা সমাজকে ‘সংঘময়’ করে তোলার দিকে এগোতে হবে।
খবরটি হিন্দিতে পড়তে ক্লিক করুন
রবিবার দিল্লির রোহিণীতে ‘রাষ্ট্র বন্দনম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংঘের শতবর্ষ পরবর্তী কর্মসূচির রূপরেখা তুলে ধরেন ভাগবত। তাঁর মতে, পরবর্তী ১০০ বছর অপেক্ষা না করে বর্তমান প্রজন্মের জীবনকালেই দেশের পুনর্জাগরণের লক্ষ্য পূরণ করতে হবে।
ALSO READ | ডিলিমিটেশন আটকাতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ! স্ট্যালিনের দরবারে সনিয়া-রাহুল-মমতারা
সংগঠনের গণ্ডি পেরিয়ে গোটা সমাজে পৌঁছনোর লক্ষ্য
ভাগবত বলেন, আরএসএসের লক্ষ্য কখনওই শুধু দেশে প্রভাবশালী স্বয়ংসেবকদের একটি গোষ্ঠী তৈরি করা ছিল না। আজ সেই অবস্থান তৈরি হলেও এবার তার পরিধি আরও বাড়াতে হবে। গোটা সমাজকে ‘সংঘময়’ করে তুলতে হবে। তবে তার জন্য প্রত্যেককে সংঘের শাখায় নিয়ে আসা বাধ্যতামূলক নয় বলেও তিনি ইঙ্গিত দেন।
তাঁর বক্তব্য, শতবর্ষ উদ্যাপন শুধুমাত্র সাফল্য উদ্যাপনের উপলক্ষ নয়। বরং এই সময়কে কাজে লাগিয়ে সংঘের কাজ, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং সমাজের বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা আরও বিস্তৃত করতে হবে।
ALSO READ | ডিলিমিটেশন বিল পেশের কয়েক ঘন্টা বাকি! আমিরাতে হাসপাতালে আটকে কংগ্রেস নেতা
‘অনুকূল সময় এসেছে, কিন্তু সুযোগ নেওয়া উদ্দেশ্য নয়’
ভাগবতের বক্তব্যের একটি বিশেষ অংশ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপির নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। এই পরিস্থিতিতে সংঘ প্রধানের ‘অনুকূল সময়’ সংক্রান্ত মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভাগবত বলেন, “অনুকূল সময় এসেছে, কিন্তু আমরা তার সুযোগ নিতে এখানে আসিনি।”
যদিও বক্তব্যে তিনি সরাসরি বিজেপি বা কেন্দ্রীয় সরকারের নাম করেননি। তাঁর মূল বার্তা ছিল, বর্তমান পরিস্থিতিতে সংঘের কাজকে আরও বিস্তৃত করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে হবে।
জাতপাত, ধর্ম ও দলের ঊর্ধ্বে থাকবে দেশ
জাতীয় পরিচয়ের প্রসঙ্গ তুলে ভাগবত বলেন, দেশের মানুষের মধ্যে একটি অভিন্ন জাতীয় পরিচয় সম্পর্কে সচেতনতা বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা রয়েছে বলে তিনি দাবি করেন।
তাঁর কথায়, “দেশের ঊর্ধ্বে কিছু নেই। দেশই সর্বোচ্চ। আমি, আমার পরিবার, আমার জাতি, আমার প্রদেশ, আমার ভাষা, আমার ধর্ম, পন্থ, সম্প্রদায়, রাজনৈতিক দল, সবকিছুই পরে আসে।” এই বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক আনুগত্যের আগে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও নির্মলা সীতারামন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও উপস্থিত ছিলেন।
শতবর্ষের পরবর্তী লক্ষ্য নিয়ে বার্তা
ভাগবতের বক্তব্য, সংঘের শতবর্ষ কোনও চূড়ান্ত সাফল্যের জায়গা নয়। বরং আগামী দিনে সমাজের আরও বৃহত্তর অংশের সঙ্গে যোগাযোগ তৈরি করা এবং জাতীয় পুনর্জাগরণের কাজে সকলকে যুক্ত করাই হবে প্রধান লক্ষ্য। বর্তমান প্রজন্মের মধ্যেই সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।