'লোকসভার আসন পুনর্বিন্যাস অনিবার্য প্রক্রিয়া!' ২০০৮ সালেই বলেছিলেন কংগ্রেস সরকারের আইনমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

‘লোকসভার আসন পুনর্বিন্যাস অনিবার্য প্রক্রিয়া!’ ২০০৮ সালেই বলেছিলেন কংগ্রেস সরকারের আইনমন্ত্রী

Spread the love


নয়াদিল্লি: লোকসভা আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল (Delimitatio)এবং মহিলা সংরক্ষণ কার্যকর করা নিয়ে দেশের রাজনীতিতে এখন তুমুল বিতর্ক চলছে। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের আনা সংবিধান (১৩২তম সংশোধনী) বিল ও নতুন ডিলিমিটেশন বিল পেশ হতে চলেছে। এই বিলে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার এবং ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির আসনের আনুপাতিক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বর্তমান ৫৪৩টি আসন বজায় রেখেই তার মধ্যে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার দাবি জানিয়েছেন। এই আবহে রাজনৈতিক মহলে নতুন করে চর্চায় উঠে এসেছে ২০০৮ সালে সংসদে তৎকালীন ইউপিএ সরকারের আইনমন্ত্রী প্রয়াত এইচ আর ভরদ্বাজের দেওয়া একটি ঐতিহাসিক বক্তব্যের ভিডিও ও নথি।

আরও দেখুনঃ নাগরিকত্ব পাওয়ার আগেই কিভাবে ভোটার তালিকায় নাম! ফের বিতর্কে সোনিয়া

২০০৮ সালের মার্চ মাসে সংসদে ডিলিমিটেশন (সংশোধনী) বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস নেতা তথা তৎকালীন আইনমন্ত্রী এইচ আর ভরদ্বাজ আসন পুনর্বিন্যাসকে একটি অনিবার্য সাংবিধানিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই পুরনো বক্তব্যের সূত্র ধরে রাজনৈতিক বিশ্লেষক ও শাসকদলের সমর্থকরা কংগ্রেসের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।

২০০৮ সালে ভরদ্বাজ স্পষ্ট ভাষায় বলেছিলেন যে, কোনো কারণে ডিলিমিটেশন (Delimitatio)স্থগিত বা পিছিয়ে দেওয়ার অর্থ এই নয় যে তা চিরতরে পরিত্যাগ করা হচ্ছে। তাঁর যুক্তি ছিল, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আসন পুনর্বিন্যাস করা একান্তই অপরিহার্য। বিশেষ করে তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের মানুষের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভবিষ্যতে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও তিনি মন্তব্য করেছিলেন।

সেই বিতর্কে আসন সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া বা ‘ফ্রিজ’ করার বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দিয়েছিলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। এইচ আর ভরদ্বাজ অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, “আপনি যখন সংবিধান সংশোধন করে আসন সংখ্যা স্থির বা ফ্রিজ করে দেন, তখন আপনি আসলে নিজের হাতই বেঁধে ফেলেন।” অর্থাৎ, জনসংখ্যা ও সামাজিক বাস্তবতার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব বাড়ানোর পথ বন্ধ হয়ে যায় বলেই তিনি মনে করতেন।

অন্যদিকে, ২০২৬ সালের এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাহুল গান্ধী সম্পূর্ণ ভিন্ন যুক্তি তুলে ধরেছেন। ২৮ নভেম্বর নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, মহিলা সংরক্ষণের অজুহাত দেখিয়ে সরকার আসলে দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধা মতো বদলে ফেলতে চাইছে। তাঁর মতে, বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ এবং ওবিসি উপ-কোটা কার্যকর করা সম্ভব।

রাহুল গান্ধীর দাবি, নতুন জাতিগত জনগণনা বা ২০২৭ সালের আদমশুমারির পরিবর্তে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন বাড়িয়ে ২০৫১ সাল পর্যন্ত তা স্থির রাখলে আগামী ৪০ বছর ধরে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ তাদের প্রাপ্য সামাজিক ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *