ডিলিমিটেশন আটকাতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ! স্ট্যালিনের দরবারে সনিয়া-রাহুল-মমতারা

চেন্নাই: রাত পোহালেই সংসদে পেশ হতে চলেছে বহু আলোচিত ডিলিমিটেশন বা (Delimitation Bill)লোকসভা আসন পুনর্বিন্যাস বিল। আর তার ঠিক আগেই কেন্দ্রের প্রস্তাবিত বিলের বিরোধিতায় শেষ মুহূর্তের রাজনৈতিক তৎপরতা শুরু করল বিরোধী জোট I.N.D.I। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ডিএমকে-র সমর্থন নিশ্চিত করতে এবার সরাসরি চেন্নাই পৌঁছে গেলেন বিরোধী শিবিরের শীর্ষ নেতারা।
কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি-সহ একাধিক নেতা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করতে চেন্নাই পৌঁছেছেন। সংসদে বিল পেশের আগে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার লক্ষ্যেই এই তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনেই দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা পুত্র উদয়নিধি স্ট্যালিন এবং ডিএমকে সাংসদ কানিমোঝিও।
আরও দেখুনঃ পুঞ্চে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! সেনার হাতে আটক পাক নাগরিক
ডিলিমিটেশন বিলের বিরোধিতায় সংসদের ভিতরে এবং বাইরে কী ধরনের কৌশল নেওয়া হবে, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। বিশেষ করে ডিএমকে-র অবস্থান বিরোধী জোটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক স্বার্থ এবং লোকসভায় প্রতিনিধিত্বের প্রশ্নে এই বিল নিয়ে শুরু থেকেই সরব তামিলনাড়ুর শাসকদল।
তবে বিরোধী নেতাদের এই চেন্নাই সফর ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হয়েছে। সনিয়া ও রাহুল গান্ধীরা স্ট্যালিনের বাড়িতে পৌঁছনোর আগেই সেখানে কয়েকজনকে ‘গো ব্যাক কংগ্রেস’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে বৈঠকের আগেই বিরোধী শিবিরের অন্দরের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সনিয়া-রাহুলরা, এমনটাই জানা যাচ্ছে।
এরই মধ্যে স্ট্যালিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এদিন সকালে রাহুল গান্ধী তাঁর সঙ্গে দেখা করতে চেন্নাই আসছেন বলে জানানোর পর তাঁকে ‘ব্রাদার’ বলে স্বাগত জানান স্ট্যালিন। (Delimitation Bill)কিন্তু একই সঙ্গে তাঁর মন্তব্য, কোনও অবস্থাতেই আপস করা হবে না। তিনি আরও লেখেন, ইতিহাস তাঁকে ‘কট্টবোম্মন’ হিসেবে মনে রাখবে, ‘এট্টাপ্পন’ হিসেবে নয়। এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়েই এখন আলোচনা চলছে।
তামিল ইতিহাসের দুই চরিত্রকে সামনে রেখেই স্ট্যালিন এই বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। অষ্টাদশ শতকে পাঞ্চালংকুরিচির শাসক বীরপান্ডিয়া কট্টবোম্মন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য মেনে নিতে অস্বীকার করেছিলেন। অন্যদিকে, এট্টাপ্পনকে ব্রিটিশদের সহযোগী হিসেবে দেখা হয়।
তামিল রাজনৈতিক পরিসরে আজও ‘এট্টাপ্পন’ শব্দটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। ফলে ডিলিমিটেশন বিলের প্রশ্নে আপস না করার বার্তা দিতেই স্ট্যালিন এই ঐতিহাসিক তুলনা টেনেছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। বিলকে সমর্থন করলে তামিলনাড়ুর স্বার্থের সঙ্গে আপস করা হবে, এমন আশঙ্কাও দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছে ডিএমকে।
বিরোধী শিবিরের উদ্বেগের মূল কারণ, প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভার মোট আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করা হতে পারে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসনের আনুপাতিক হার বজায় রাখার প্রস্তাবও রয়েছে। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, ভবিষ্যতে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে সফল রাজ্যগুলি রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই আশঙ্কা থেকেই ডিএমকে-সহ একাধিক বিরোধী দল বিলের বিরোধিতা করছে।
চেন্নাইয়ের বৈঠক শেষ করে সনিয়া ও রাহুল গান্ধীরা মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছেন বলে খবর। সেখানে এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গেও তাঁদের আলোচনা হতে পারে। অন্যদিকে, বিরোধী জোটের আরেক শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএমের অবস্থান নিয়েও সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, দলটির কয়েকজন সাংসদ ডিলিমিটেশন বিলকে সমর্থনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাতে পারেন। যদিও জেএমএমের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।