WhatsApp: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, এবার শিডিউল করে রাখতে পারবেন মেসেজ | WhatsApp New Feature: Now Schedule Messages to Send Later, Check How It Works
ফাইল ছবিImage Credit: Getty Images
নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসছে নয়া সুবিধা। এবার থেকে শিডিউল করে রাখা যাবে মেসেজ। নতুন ফিচার আনছে সংস্থা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ লিখে তারিখ ও সময় বেছে নিতে পারবেন। নির্ধারিত সময়েই পৌঁছে যাবে সেই মেসেজ। একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বহু ব্যবহারকারী এই ফিচারের (Whatsapp Feature) দাবি জানিয়ে আসছিলেন।
ফিচারে কী রয়েছে?
সাধারণত ইমেল পাঠানোর ক্ষেত্রে এই ধরনের শিডিউলিং ফিচার ব্যবহার করা হয়। বিভিন্ন টাইম জোনে কাজ করা, ইমেল পাঠানোর উপযুক্ত সময় বেছে নেওয়া কিংবা নির্দিষ্ট সময়ে মেসেজ পৌঁছে দেওয়ার মতো নানা কাজে এটি সুবিধা দেয়। তবে হোয়াটসঅ্যাপ এই ফিচারের ক্ষেত্রে মূলত ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের দিকটিই তুলে ধরেছে।
সংস্থার বক্তব্য, কিছু মেসেজ সঙ্গে সঙ্গে না পাঠিয়ে পরে পাঠানোই ভালো। যেমন, রাত ১১টায় মনে পড়ল পরের দিন সকালে কারও পরীক্ষা রয়েছে, তাঁকে শুভেচ্ছা জানাতে হবে। অথবা বন্ধুর জন্মদিনে ঠিক রাত ১২টায় শুভেচ্ছা জানাতে যদি চান, এমন পরিস্থিতিতে এখনই মেসেজ লিখে রেখে পরে শিডিউল করে দেওয়া যাবে।
কীভাবে শিডিউল করা যাবে?
গত ২৫ নভেম্বর এই ফিচার আনার ঘোষণা করে WhatsApp। যদিও ঘোষণার আগেই হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু ছিল। কীভাবে ব্যবহার করবেন এই ফিচার? হোয়াটসঅ্যাপ মেসেজ লেখার পর সেন্ড বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর যে মেনু আসবে, সেখান থেকে মেসেজ পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এই ফিচারে শুধু টেক্সট নয়, ছবি ও ভিডিয়োও শিডিউল করা যাবে। মেসেজ লেখার পর ১০ মিনিট থেকে ১৪ দিন পর্যন্ত আগাম সময় নির্ধারণ করা যাবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও ব্যবহার করা যাবে এই সুবিধা।
আরও একটা বিষয় হল, যাকে মেসেজ পাঠাচ্ছেন, তিনিও বুঝতে পারবেন না মেসেজটি আগে থেকে শিডিউল করে রাখা হয়েছিল কি না। নির্ধারিত সময়ের আগে চাইলে শিডিউল করা মেসেজ দেখে নেওয়া বা ডিলিটও করা যাবে। এমনকী ফোন বন্ধ থাকলেও কিংবা ফোনের চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর প্রক্রিয়া চালু থাকবে।