Sridevi dance: 'নাচই পারি না!' কেন বলেছিলেন শ্রীদেবী? | Why sridevi once felt she could not dance at all untold story from old interview - 24 Ghanta Bangla News
Home

Sridevi dance: ‘নাচই পারি না!’ কেন বলেছিলেন শ্রীদেবী? | Why sridevi once felt she could not dance at all untold story from old interview

Spread the love

Sridevi dance: 'নাচই পারি না!' কেন বলেছিলেন শ্রীদেবী?

কী বলেছিলেন তিনি?

বিয়েবাড়ির আসর হোক বা পাড়ার কোনও জলসা— ‘হাওয়া হাওয়াই’ কিংবা ‘মোরনি বাগা মা’ গানটা বাজলেই আজও পা দুলে ওঠে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর পর্দায় সেই গানের তালে শ্রীদেবী (Sridevi) মানেই তো এক অদ্ভুত জাদু! তাঁর চোখের ইশারা আর নিখুঁত ছন্দ দেখে মনে হত, নাচটা বোধহয় তাঁর রক্তেই মিশে আছে। কিন্তু পর্দার ওপারে যে মানুষটাকে দেখে গোটা দেশ নাচতে শিখেছে, কেরিয়ারের শুরুতে সেই তিনিই নিজের নাচ দেখে লজ্জায় মুখ লুকোতেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একসময় নিজেকে দেখে শ্রীদেবীর মনে হত, তিনি বুঝি নাচটাই ঠিকমতো পারেন না। পুরনো এক সাক্ষাৎকারে নিজেই খুলে বলেছিলেন সেই মজার গল্প।

কী বলেছিলেন অভিনেত্রী?

এক সাক্ষাৎকারে শ্রীদেবীকে প্রশ্ন করা হয়, কেরিয়ারের প্রথম দিকে ছবিতে তিনি কীভাবে নাচতেন? প্রশ্নটা শুনেই হাসি চেপে রাখতে পারেননি অভিনেত্রী। অকপটে জানান, শুরুর দিনগুলোয় নাচতে গিয়ে রীতিমতো হিমশিম খেতেন তিনি। কিন্তু কেন? কারণটা শুনলে আপনিও হাসবেন। শ্রীদেবীর কথায়, তাঁর হাত আর পা বেশ লম্বা ছিল। তাই ক্যামেরার সামনে নাচার সময় লম্বা হাত-পা কীভাবে সামলাবেন, তা বুঝে উঠতে পারতেন না। পরে পর্দায় নিজের নাচের ভিডিয়ো দেখে নিজেই অস্বস্তিতে পড়ে যেতেন। শ্রীদেবী মজা করে বলেন, “নিজেকে নাচতে দেখে আমার খুব অদ্ভুত লাগত। মনে হত, ওহ মাই গড, এটা আমি কী করেছি!”

তাহলে যে মেয়েটা নিজের নাচ দেখেই ভয় পেতেন, তিনি বলিউডের সেরা নৃত্যশিল্পী হলেন কীভাবে? এর পেছনে লুকিয়ে ছিল তাঁর ছোটবেলার এক শিক্ষা। ছোটবেলায় বাবা-মা আর স্কুলের শিক্ষকরা সব সময় বলেন, মন দিয়ে পড়াশোনা করতে হবে আর ক্লাসে প্রথম হতে হবে। নাচের ক্ষেত্রেও ঠিক সেই জেদটাই মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন শ্রীদেবী। অভিনেত্রীর কথায়, “করতে করতেই ধীরে ধীরে নাচটা শিখে গিয়েছি। ছোটবেলায় যেমন শেখানো হয় খুব পরিশ্রম করতে হবে আর ক্লাসে প্রথম হতে হবে, আমিও ঠিক সেভাবেই কঠোর পরিশ্রম করেছিলাম।”

শুধু পরিশ্রম নয়, নাচ নিয়ে শ্রীদেবীর নিজস্ব এক ভাবনাও ছিল। তাঁর মতে, অভিনয় আর নাচ একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। অভিনয়ের জন্য যেমন নাচ জানা দরকার, তেমনই নাচের মধ্যেও অভিনয় থাকা খুব জরুরি। ক্যামেরার সামনে সব সময় যে নাচের স্টেপ একদম নিখুঁত হবে, তা তো নয়! কিন্তু দর্শক যেন সেই ভুল ধরতে না পারেন, তারও এক দারুণ উপায় বাতলে দিয়েছিলেন তিনি। শ্রীদেবীর সহজ টোটকা, কখনও স্টেপ ভুল হলেও মুখের এক্সপ্রেশন বা অভিব্যক্তি দিয়ে তা অনায়াসে ঢেকে দেওয়া যায়। নাচার সময় এমন ভাব করতে হবে, যেন শিল্পী নিজেই নাচটা দারুণ উপভোগ করছেন। তাহলেই দর্শকের চোখ আর ভুলের দিকে যাবে না।

আজ যখন ‘চাঁদনি’ বা ‘মিস্টার ইন্ডিয়া’-র গানগুলো পর্দায় চলে, তখন এক মুহূর্তের জন্যও মনে হয় না এই মানুষটার কখনও নাচতে অসুবিধা হত। আসলে যে কোনও বড় সাফল্যের পেছনেই লুকিয়ে থাকে এমন হাজারো জড়তা আর না-পারার গল্প। শ্রীদেবী শুধু তাঁর নাচ দিয়েই নয়, নিজের দুর্বলতাকে জয় করার এই জেদ দিয়েও আজও বেঁচে আছেন কোটি কোটি মানুষের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *