Hooghly News: আজই হতে পারে সিদ্ধান্ত, ফের বড় সম্মান পেতে চলেছে হুগলি | Hooghly Can get GI Acknowledgment in Hooghly - 24 Ghanta Bangla News
Home

Hooghly News: আজই হতে পারে সিদ্ধান্ত, ফের বড় সম্মান পেতে চলেছে হুগলি | Hooghly Can get GI Acknowledgment in Hooghly

Spread the love

Hooghly News: আজই হতে পারে সিদ্ধান্ত, ফের বড় সম্মান পেতে চলেছে হুগলি

হুগলিতে GI স্বীকৃতিImage Credit: Tv9 Bangla

হুগলি: চন্দননগরের জলভরা সন্দেশ, বলাগড়ের নৌকা, জনাই এর মোনোহরা ও বেগমপুরের তাঁত, জিআই স্বীকৃতি পেয়েছে। এবার হুগলির মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। সবকিছু ঠিকঠাক থাকলে জিআই স্বীকৃতি পেতে পারে ‘বাবনানের চিকন’। ইতিমধ্যেই জিআই (GI) স্বীকৃতির জন্য আবেদন জানানো হয়েছে।

হুগলির বাবনান গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ বাড়িতেই সূচের সেলাই হয়। কারও হাতে তৈরি হচ্ছে টেবিল ক্লথ, কারও হাতে বেড কভার, আবার কোথাও শাড়ি, চুড়িদার বা সোফা কভারের উপর ফুটে উঠছে সূক্ষ্ম কারুকাজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই হস্তশিল্প।

লখনউ চিকন ২০০৮ সালেই জিআই (GI) স্বীকৃতি পেয়েছে। কিন্তু বাংলার ‘বাবনানের চিকন’ শিল্প এতদিন সেই স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল। এবার সেই ঘাটতি পূরণের উদ্যোগ। বাবনানের চিকনের কাটওয়ার্ক, ঝাঁচ এবং স্যাডো ওয়ার্ক স্টিচ এই তিন ধরনের সূচিশিল্পের জন্য জিআই-এর আবেদন করা হয়েছে। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস’ (WBNUJS) এর তত্ত্বাবধানে এই আবেদন করা হয়। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পরেই মিলতে পারে বহু প্রতীক্ষিত জিআই (GI)।

তবে শুধু একটি অঞ্চলের শিল্প নয়, ‘বাবনান চিকনের’ সঙ্গে জড়িয়ে রয়েছে হুগলি, হাওড়া ও পূর্ব বর্ধমানের বহু মানুষের জীবিকা। স্থানীয়দের দাবি, বাবনানেই সরাসরি পাঁচ থেকে দশ হাজার মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। বাংলার বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া এই চিকনের সামগ্রী দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। এমনকি বিদেশেও রফতানি হয় এই শিল্প। দিল্লি হয়ে বিদেশে পৌঁছয় বাবনানের চিকন সামগ্রী।
মোগল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের হাত ধরে দিল্লিতে পৌঁছে গিয়েছিল এই চিকন।

বাবনান চিকনের ইতিহাস নিয়ে রয়েছে নানা জনশ্রুতি ও ঐতিহাসিক সূত্র। প্রচলিত ইতিহাস অনুযায়ী, বর্ধমানের জায়গিরদার শের আফগানের স্ত্রী ছিলেন মেহেরুন্নেসা। পরবর্তী সময়ে তিনিই সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী হিসেবে নূরজাহান নামে পরিচিত হন। তাঁর পৃষ্ঠপোষকতায় সূচিশিল্প রাজদরবারে বিশেষ জনপ্রিয়তা লাভ করে।

মেহেরুন্নেসা বর্ধমানে থাকার সময়ই এই অঞ্চলের সূচিশিল্পের সঙ্গে তাঁর পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনিয়াখালি বাবনান অঞ্চলের সঙ্গে শের আফগানের প্রশাসনিক যোগাযোগ ছিল। সেই সময় এই অঞ্চলে তুলো চাষ এবং তাঁতশিল্পের প্রচলন থাকায় কাপড় ও সুতোর জোগানও ছিল সহজলভ্য।

পরবর্তী সময়ে মেহেরুন্নিসা দিল্লির রানি হয়ে যাওয়ার পর সূচিশিল্পের প্রসার আরও বাড়ে। সেখান থেকে এই শিল্প লখনউতেও ছড়িয়ে পড়ে বলে দাবি গবেষকদের একাংশের। ফলে লখনউ চিকনের সঙ্গে বাংলার বাবনান চিকনের ঐতিহাসিক যোগসূত্র নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বলাগড় কলেজের অধ্যাপক স্থানীয় ইতিহাস গবেষক পার্থ চট্টোপাধ্যায় বলেন, “চিকন শব্দটির সঙ্গে বাংলার ঐতিহ্যের সম্পর্ক দীর্ঘদিনের। অষ্টাদশ শতকের বাংলা সাহিত্যেও চিক্কন শব্দের ব্যবহার পাওয়া যায়। মেহেরুন্নেসা বর্ধমানে থাকাকালীন এই সূচিশিল্পের সঙ্গে পরিচিত ছিলেন বলে ধারণা রয়েছে। তার ভিত্তিতেই লখনউয়ের সঙ্গে বাবনানের যোগসূত্র নিয়ে গবেষণা হয়েছে।”

পার্থ বলেন, “জিআই স্বীকৃতি শুধু ব্যবসায়িক লাভের বিষয় নয়। এর ফলে হুগলির ঐতিহ্যের সঙ্গে নতুন একটি পরিচয় যুক্ত হবে এবং আন্তর্জাতিক বাজারে এই শিল্পের পরিচিতি বাড়বে। বিদেশ থেকে অর্ডার পাওয়া এবং পণ্য পাঠানোর ক্ষেত্রেও সুবিধা হবে। শিল্পীদের দুর্দশা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।”

বর্তমানে বাবনান চিকনের জন্য মূলত সাদা ও রঙিন কাপড় আসে মুম্বই ও পণ্ডিচেরি থেকে। কাপড় নির্দিষ্ট মাপে কেটে তার উপর নকশা ছাপা হয়। এরপর সেই নকশা অনুযায়ী বিভিন্ন রঙের সুতো দিয়ে সূচির কাজ করেন শিল্পীরা। ব্যবহৃত চিকনের সুতো মূলত আসে দিল্লি থেকে। কাজ শেষ হলে কাপড় ধুয়ে, প্রয়োজনীয় প্রক্রিয়ার পর বাজারজাত করা হয়।

চিকন শিল্পী নাজিমউদ্দিন মণ্ডল জানান, “একটি টেবিল ক্লথ তৈরি করতে প্রায় দুদিন সময় লাগে। একটি বেড কভার তৈরি করতে সময় লাগে প্রায় ১৫ দিন। একটি বেড কভারের জন্য শিল্পীদের পারিশ্রমিক মেলে প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকা। অথচ কাপড় ও সুতোর দাম বাড়লেও সেই অনুপাতে তৈরি পণ্যের দাম বাড়ছে না।”

চিকন শব্দের উৎস নিয়েও রয়েছে নানা মত। বাংলা সাহিত্যে মধ্যযুগ থেকেই ‘চিকন’ শব্দের ব্যবহার পাওয়া যায় বলে গবেষকদের দাবি। সংস্কৃত ‘চিক্কন’ শব্দ থেকে বাংলা ‘চিকন’ শব্দের উৎপত্তি হয়েছে বলে এক মত। আবার ফারসি ‘চিক্কন’ শব্দের সঙ্গেও এর যোগসূত্রের কথা বলা হয়। ‘চিকন বসন’-এর উল্লেখও বাংলা সাহিত্যে রয়েছে।

হুগলি নদীর তীরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বানিজ্য করতে আসার সঙ্গেও বাবনান চিকনের যোগ পাওয়া যায়। প্রথমে চিকন বিদেশে যেত জাহাজে করে। পরে চুঁচুড়ায় তুলোপট্টি ঘাট দিয়ে কাঁচা মাল টনটন তুলো বিদেশে নিয়ে যেতো ব্যবসায়ীরা। সেই তুলোপট্টি ঘাট এখনো রয়েছে চুঁচুড়ায়। সে সময় হুগলির ডিএম বাবনান চিকনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

এখন তাই শুধু জিআই স্বীকৃতির অপেক্ষা। প্রাথমিক রিপোর্ট প্রকাশের পর চূড়ান্ত স্বীকৃতির দিকে তাকিয়ে বাবনানের শিল্পী ও কারিগররা। শনিবার প্রেস ক্লাব অফ হুগলি তে ‘বাবনান চিকন’ নামে একটি বই প্রকাশ করেন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। এই বইতেই বাগনান চিকনের সমস্ত ইতিহাস লেখা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *