Calcutta High Court: ডিভোর্সের পর স্বামীর কাছে খরপোশ চেয়েছিলেন, B.Tech-MCA করা স্ত্রীকে যে ‘শাস্তি’ দিল হাইকোর্ট… | Calcutta high court Calcutta High Court Quashes Wife’s Maintenance Plea for Hiding Income, Slaps 20,000 Fine
কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images
কলকাতা: নিজের চাকরি ও আয়ের তথ্য গোপন করে খোরপোশের মামলা করার অভিযোগে এক স্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের একক বেঞ্চ ওই মহিলার খোরপোশের মামলাটি খারিজ করে দিয়েছে এবং তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। আগামী ১০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধীনস্থ জুভেনাইল জাস্টিস ফান্ডে ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদ ও খোরপোশ সংক্রান্ত একাধিক মামলায় করেছিলেন ওই দম্পতি। অভিযোগ, স্ত্রী নিজেকে গৃহবধূ দাবি করে খোরপোশ চেয়েছিলেন। অথচ আদালতে জমা পড়া নথিতে দেখা যায়, তিনি বেঙ্গালুরুতে একটি আইটি সংস্থায় কর্মরত এবং তাঁর বেতন স্বামীর আয়ের চেয়েও বেশি। ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের স্যালারি স্লিপ অনুযায়ী তাঁর মাসিক আয় ছিল যথাক্রমে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা, ১ লক্ষ ৫১ হাজার টাকা এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকারও বেশি। অন্যদিকে, স্বামীও একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এবং তাঁর মাসিক আয় প্রায় ১ লক্ষ ৭ হাজার টাকা বলে আদালতে জানানো হয়।
নিম্ন আদালতের নির্দেশে এর আগে ওই মহিলাকে খোরপোশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। আইনজীবীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তথ্যগত ভুল হয়েছিল বলে দাবি করেন স্ত্রী। তবে মহিলার শিক্ষাগত যোগ্যতা (বি.টেক ও এম.সি.এ) এবং পারিপার্শ্বিক তথ্য খতিয়ে দেখে হাইকোর্ট সেই যুক্তি মানতে চায়নি।
আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এবং আইনের সুবিধাজনক বিধানের অপব্যবহার করে মূল্যবান বিচারিক সময় নষ্ট করা হয়েছে। এই প্রেক্ষিতেই আলিপুরের নিম্ন আদালতে চলা খোরপোশের গোটা মামলাটি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।