Agnimitra Paul: বাড়ি ফিরিয়ে এনেছিলেন, অগ্নিমিত্রাকে বড় সম্মান দিলেন তৃণমূল নেতা | TMC Leader give honor to minister agnimitra paul
অগ্নিমিত্রা পাল, বিধায়কImage Credit: Tv9 Bangla
আসানসোল: পশ্চিম বর্ধমানের (Paschim bardhaman) রানিগঞ্জের নিমচা ও পাঠান ধাওরা এলাকায় বদলে গেল পুরানো রাজনৈতিক সমীকরণ। চার তারিখের পর পালিয়ে যাওয়া তৃণমূল নেতা অর্জুন সিংকে ঘরে ফেরানোর ব্যবস্থা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তৃণমূল জেলা সহ সভাপতি ও পঞ্চায়েত সদস্য ছিলেন অর্জুন। সেই অর্জুন বাড়ি ফিরেই নিমচা এলাকায় অগ্নিমিত্রাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করলেন।
নিমচা পাঠান ধাওরায় দীপাবলি মিলন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পালকে সম্বর্ধনা দেওয়া হল শনিবার সন্ধ্যায়। দীর্ঘদিন এলাকার বাইরে থাকা তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য অর্জুন সিং এবং তাঁর সঙ্গী-সাথীদের উদ্যোগেই এই অনুষ্ঠান আয়োজিত হয় এবং একই মঞ্চে দুজনকে উপস্থিত দেখা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, অতীতে নিমচা এলাকায় তাঁর প্রবেশে বাধা দেওয়া হত। এমনকী, প্রচারের জন্য মঞ্চ করতেও দেওয়া হয়নি। তাঁর কথায়, যে অর্জুন সিং একসময় তাঁকে নিমচা এলাকায় ঢুকতে বাধা দিতেন, আজ তাঁর উদ্যোগেই এই মঞ্চ তৈরি হয়েছে এবং অর্জুন সিংকে এলাকায় ফেরানোর ব্যবস্থা তিনিই করেছেন। অন্যদিকে অর্জুন সিং দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তিনি দীর্ঘদিন বাড়িছাড়া ছিলেন। অগ্নিমিত্রা পালের উদ্যোগে ফিরে এসে তিনি পুরানো বিরোধ ভুলে বিধায়কের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে শামিল হওয়ার কথা জানান।
মঞ্চে বক্তব্যে অগ্নিমিত্রা পাল জানান, রাজনীতি একদিকে থাকলেও সবার জন্য উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য। বিগত ১৫ বছরে বাংলায় রাস্তা, স্কুল ও কমিউনিটি সেন্টারের মতো উন্নয়নের অভাব ছিল। রাজ্যের মন্ত্রী বলেন, “নিমচা থেকে বাইরে রাখতেন অর্জুন সিং। এখন এই অর্জুন সিংই পুরো ব্যবস্থা করেছে। আমরা বারবার বলি, রাজনীতি এক জায়গায় কিন্তু উন্নয়ন সবার জন্য।” তিনি বিহারের পরিকাঠামো উন্নয়নের উদাহরণও দেন। ভয় দেখিয়ে নয়, বরং কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জনের বার্তা দেন মন্ত্রী এবং স্থানীয় ক্লাবের দেওয়া দাবি-দাওয়ার তালিকা গ্রহণ করেন। এই ঘটনার পর নিমচা-পাঠান ধাওরায় উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।