শীতকালীন অধিবেশনের আগেই ধাক্কা ইন্ডিতে! সাসপেন্ডই থাকছেন কল্যাণ

নয়াদিল্লি: আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। (Kalyan Banerjee)এর ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস তথা বিরোধী ‘ইন্ডি’ (INDI) জোট। দলের প্রবীণ সাংসদ তথা লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে আবেদন খারিজ করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
স্পিকারের এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে চলা সংসদের গুরুত্বপূর্ণ এই অধিবেশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করতে পারবেন না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই অধিবেশনেই কেন্দ্রীয় সরকার আসন পুনর্বিন্যাস (Delimitation) এবং মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) পেশ ও পাস করানোর প্রস্তুতি নিয়েছে।
আরও দেখুনঃ ২৫ বছর ডিলিমিটেশন স্থগিত! ২০৫১ পর্যন্ত কি আটকে যাবে OBC সংরক্ষণের দাবি?
নিষেধাজ্ঞা বহাল থাকায় এই দুই ঐতিহাসিক ও স্পর্শকাতর বিলের আলোচনা এবং ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।ঘটনার সূত্রপাত চলতি বছরের বাদল অধিবেশনে। গত ২২ জুলাই লোকসভায় মহিলা সাংসদদের বিরুদ্ধে অসংসদীয় ও অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হয়েছিল।
পরবর্তীকালে গত ১৩ অগস্ট লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (adjourned sine die) হয়ে গেলেও অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি বা স্থগিতাদেশ (prorogued) ঘোষণা করা হয়নি। ফলে সংসদীয় নিয়ম অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনটিকে বাদল অধিবেশনের বর্ধিত অংশ হিসেবেই গণ্য করা হচ্ছে। আর সেই প্রযুক্তিগত কারণেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর জারি হওয়া সাসপেনশন এখনও বলবৎ রয়েছে।
আসন্ন অধিবেশনে প্রতিটি সাংসদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বুঝেই তৎপর হয়েছিল তৃণমূল নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লাকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানান। চিঠিতে অভিষেক লোকসভার কার্যপরিচালনা বিধির ৩৭৪(২) নম্বর ধারার উল্লেখ করে জানান যে, সভা চাইলে যেকোনো সময়ে প্রস্তাব পাসের মাধ্যমে কোনো সদস্যের সাসপেনশন তুলে নিতে পারে।
অভিষেকের যুক্তি ছিল, সাসপেনশন বহাল থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)কেবল একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেই নন, বরং দলের চিফ হুইপ হিসেবে সংসদীয় কাজে দলের সাংসদদের সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেও বাধাপ্রাপ্ত হবেন। কিন্তু স্পিকার ওম বিড়লা অভিষেকের সেই আবেদন খারিজ করে দেওয়ায় তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
রাজনৈতিক মহলের মতে, ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া চারদিনের এই বিশেষ অধিবেশন কেন্দ্র ও বিরোধী উভয় পক্ষের কাছেই অগ্নিপরীক্ষা। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই সংশোধিত সংবিধান (১৩২তম সংশোধনী) বিল এবং আসন পুনর্বিন্যাস বিল অনুমোদন করেছে, যার লক্ষ্য ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা।
যেহেতু সংবিধান সংশোধনী বিল পাসের ক্ষেত্রে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, তাই শাসক ও বিরোধী শিবিরের কাছে একটি একটি ভোটের মূল্য অপরিসীম। এর আগেও একই ধরনের বিল দুই-তৃতীয়াংশ ভোটের অভাবে আটকে গিয়েছিল।এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ সাংসদ এবং চিফ হুইপের অনুপস্থিতি লোকসভার ফ্লোরে তৃণমূল কংগ্রেস তথা সমগ্র ইন্ডিয়া জোটের জন্য নিঃসন্দেহে একটি বড় কৌশলগত ও সংখ্যাতাত্ত্বিক ধাক্কা। অধিবেশন শুরুর ঠিক প্রাক্কালে স্পিকারের এই অনমনীয় সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শাসক-বিরোধী তরজা নতুন মাত্রা পেয়েছে।