পাকিস্তানের দখলমুক্ত হলেই PoK-তে সীমানা নির্ধারণ করার ক্ষমতা পাবে নির্বাচন কমিশন!

নয়াদিল্লি: সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ‘ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬’ পেশ হওয়ার ( PoK Delimitation)আগেই এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কৌশলগত ভূ-রাজনৈতিক বার্তা সামনে এসেছে। লোকসভায় পেশ হতে চলা এই খসড়া বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীর যে মুহূর্তে পাকিস্তানের দখলমুক্ত হবে, ঠিক তখনই ওই অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শুরু করবে ভারতের নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত এই বিলের বিশেষ ধারাটি কেবল প্রশাসনিক সংস্কার নয়, বরং ভারতের সার্বভৌমত্ব ও পাক-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের বিষয়ে নয়াদিল্লির অনড় অবস্থানের এক অত্যন্ত শক্তিশালী আইনি ও কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।সংসদীয় সূত্র অনুযায়ী, প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের ৩(৪) নম্বর ধারায় এই ঐতিহাসিক সংস্থান রাখা হয়েছে।
আরও দেখুনঃ একদিকে দরগায় মুসলিমদের প্রার্থনা, অন্যদিকে CRPF-কে ফুলে স্বাগত! মাদুরাইয়ে কী ঘটছে?
ওই ধারায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের যে অংশ বর্তমানে পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে, সেই অঞ্চল দখলমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের নির্বাচন কমিশন স্বয়ংক্রিয়ভাবে সেখানে ‘ডিলিমিটেশন কমিশন’ বা আসন পুনর্বিন্যাস কমিশন হিসেবে কাজ করবে এবং বিধানসভা কেন্দ্রগুলির সীমানা নির্ধারণ করবে।
লক্ষণীয় বিষয় হল, আইনি ভাষায় এই বিলে সরাসরি ‘পিওকে’ (PoK) শব্দটি ব্যবহার না করে ‘পাকিস্তানের দখলে থাকা জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিধানটির প্রশাসনিক কাঠামোও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসন পুনর্বিন্যাসের জন্য এই বিলে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি পৃথক ডিলিমিটেশন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
কিন্তু শুধুমাত্র পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে কোনো ( PoK Delimitation)পৃথক কমিশনের অপেক্ষা না করে সরাসরি ভারতের নির্বাচন কমিশনকেই সেই পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এর অর্থ হল, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে বা ওই অঞ্চল ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে এলে কোনো নতুন আইন পাস করানোর প্রয়োজন হবে না; নির্বাচন কমিশন সরাসরি সেখানে নির্বাচনী মানচিত্র তৈরির কাজ শুরু করতে পারবে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন অনুযায়ী বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলটির বিধানসভায় মোট ১১৪টি আসনের সংস্থান রয়েছে। এর মধ্যে ৯০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও, বাকি ২৪টি আসন পাক-অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত ও শূন্য রাখা হয়েছে। নতুন এই বিলে লোকসভা আসনের কথা উল্লেখ না থাকলেও, জম্মু ও কাশ্মীর বিধানসভার ওই অঞ্চলের কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের আইনি পথ প্রশস্ত করা হয়েছে।
তবে বিলে প্রস্তাবিত ৫০ শতাংশ আসন বৃদ্ধির ফর্মুলা এই ২৪টি সংরক্ষিত আসনের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনও স্পষ্ট করা হয়নি। কূটনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংসদে এই বিল পেশ করার মাধ্যমে মোদী সরকার আন্তর্জাতিক মহল এবং ইসলামাবাদকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে।
১৯৯৪ সালে ভারতীয় সংসদে সর্বসম্মতভাবে পাস হওয়া প্রস্তাবে পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবার ডিলিমিটেশন বিলের মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও নির্বাচনী আইনে সেই অঞ্চলের আসন বিন্যাসের রূপরেখা অন্তর্ভুক্ত করে ভারত তার দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।