গুকেশ ইজ় কিং, নাকি সিন্দারভে শাহমাত? - 24 Ghanta Bangla News
Home

গুকেশ ইজ় কিং, নাকি সিন্দারভে শাহমাত?

Spread the love

১৯৯৩-এ কাসপারভ আর নাইজেল শর্ট ফিডে ছেড়ে ‘দ্য টাইমস’-এর পৃষ্ঠপোষকতায় লন্ডনে খেতাবি ম্যাচ খেললেন। ফিডের সঙ্গে সংঘাতে আলাদা প্রতিষ্ঠান তৈরি করে নিয়েছিলেন তাঁরা। বিশ্বখেতাব ভাঙল দু’টুকরো হয়ে, জোড়া লাগল ১৩ বছর পরে, ২০০৬-এ ক্রামনিক-তোপালভ ম্যাচে। মাঝের পর্বে ফিডের নক-আউট বিশ্ব-চ্যাম্পিয়নশিপ। ১৯৯৮-এ লোজ়ানে কারপভকে ফাইনালে বসানো হয়, আর গ্রনিংগেনে ক্যান্ডিডেটস জিতে আসা চ্যালেঞ্জার আনন্দ হারেন টাইব্রেকে। মস্কোর কারপভ আর বাকুর কাসপারভের মধ্যে রাজনৈতিক ও ক্রীড়াগত দূরত্ব বাড়লেও খেতাব রাশিয়ার দখলেই ছিল। ক্রামনিকের সময় পর্যন্ত এই নিয়মের ব্যত্যয় ঘটেনি। ২০০৪-এ ত্রিপোলিতে নক-আউট জিতেছিলেন উজ়বেকিস্তানের রুস্তম কাসিমজানভ। মাঝে রুসলান পোনোমারিয়ভ। তবে, খেতাব রক্ষা করতে পারেননি কেউই। ব্যতিক্রম ভারতের ভিশি। ২০০০ সালে রাশিয়া তথা ইউরোপীয় আধিপত্য ভেঙে এশিয়ায় বিশ্বখেতাব আনার ভগীরথ তিনিই। ২০০৭ থেকে ২০১৩, টানা তিনটি খেতাবি যুদ্ধের পরাক্রান্ত রাজা তিনিই। তার পর কার্লসেন যুগ। ২০১৩ থেকে পাঁচবার ম্যাচ জিতে তিনি খেতাব রক্ষাকে শিল্পে পরিণত করলেন। ২০১৮-এ লন্ডনে কারুয়ানার সঙ্গে ১২টি ক্লাসিক্যাল খেলাই ড্র, ফয়সলা হলো র‍্যাপিডে। ২০১৬-এ রাশিয়ার সের্গেই কারিয়াকিনের বিরুদ্ধে ক্লাসিক্যালে টাইব্রেকে জিতেছিলেন। নিজের দাবানীতি সামান্য বদলালেন বিশ্বখেতাবি লড়াইয়ে। ২০২২-এ হারার আগেই খেতাব ছাড়লেন, বিশ্বখেতাবি লড়াইকে ‘সার্কাস’ বলে অভিহিত করলেন। অবশ্য এলো-রেটিংয়ের শীর্ষে এখনও তিনিই। ১৯৪৬-এ চ্যাম্পিয়নের মৃত্যুতে রাজমুকুট অনাথ হয়েছিল। ২০২২-এ সিংহাসন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েও মুকুটহীন সম্রাট রইলেন।

কার্লসেন-পরবর্তী দুই চ্যাম্পিয়ন, ডিং আর গুকেশ, এমন এক খেতাব পেয়েছেন, যেখানে শ্রেষ্ঠত্বের প্রচ্ছন্ন প্রশ্নের কাঁটা জেগেই থাকে। সেই প্রশ্নের একমাত্র উত্তর খেতাবরক্ষা। ডিং পারেননি। গুকেশ পারলে কার্লসেন-পরবর্তী যুগে প্রথম কোনও চ্যাম্পিয়ন যুদ্ধক্ষেত্রে নিজের অধিকার প্রতিষ্ঠা করবেন। সিন্দারভ (ছবিতে) জিতলেও প্রশ্নটা নতুন করে শুরু হবে, কারণ তখন তাঁকেই প্রমাণ করতে হবে, তিনি অন্তর্বর্তী নন, যথার্থ উত্তরাধিকারী।

ইতিহাস সাক্ষী, যে চ্যাম্পিয়নের পেছনে সুস্থায়ী ও টেকসই ক্রীড়াব্যবস্থা থাকে, তাঁর পক্ষে খেতাবরক্ষা সহজ হয়। ১৯৪৮ থেকে নয়ের দশকের শেষ অবধি, এমনকী সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পরেও, ফিশারের তিন বছর বাদ দিলে, বিশ্বখেতাব সোভিয়েতের কুক্ষিগত ছিল। তার মূল স্তম্ভ ছিল গণ-অংশগ্রহণ থেকে বাছাই করা সেরা দাবাড়ু, তত্ত্বঋদ্ধ সেকেন্ড, বিশ্লেষক-দল, রাষ্ট্রের অর্থ।

জেনেভার দুই ক্রীড়াবিদ দুই আলাদা উত্তরাধিকার বহন করছেন। উজ়বেকিস্তানের মডেল সেই সোভিয়েত পিরামিডেরই সোভিয়েত-উত্তর সংস্করণ। ২০২১-এর জানুয়ারিতে প্রেসিডেন্ট শওকত মির্জ়িয়োয়েভের ক্রীড়ানীতি ‘গণ-অংশগ্রহণ থেকে পেশাদারিত্ব’ দাবার প্রসার ও প্রশিক্ষণ-ব্যবস্থাকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে। ২০২২-এ চেন্নাই আর ২০২৬-এ সমরকন্দ অলিম্পিয়াডে সোনাজয় তার ফল। সিন্দারভ নিজেই বলেছেন, ২০২২-এর জয়ের পর দেশে দাবার প্রতি মনোভাব বদলে গেছে। ২০২১ অবধি বিশ্বের প্রথম পঞ্চাশের তালিকায় শুধু কাশিমজানভ ছিলেন, অথচ ২০২৪-এর পরে প্রথম চল্লিশে চারজন আর এই মুহূর্তে ক্রমতালিকার চার ও পাঁচ নম্বরে সিন্দারভ ও আবদুসাত্তোরভ। আবদুসাত্তারভ, ইয়াকুববোয়েভ, সিন্দারভ একই প্রজন্মের, আর প্রাক্তন ফিডে চ্যাম্পিয়ন কাসিমজানভ নতুন প্রজন্মকে অভিজ্ঞতা ভাগ করে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *