ক্যানিং হাসপাতালে সারপ্রাইজ ভিজিট
হাসপাতালের রোগীদের জন্য রান্না করা খাবার নিয়ে বিস্তর অভিযোগ। অপরিষ্কার পরিবেশ এবং চিকিৎসা পরিষেবায় নানা অব্যবস্থার অভিযোগ ছিল ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে এ বার আচমকা সারপ্রাইজ় ভিজিটে হাসপাতালে হানা দিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক প্রণব মালিয়া। শুক্রবার হাসপাতালে গিয়ে সোজা রোগীদের ওয়ার্ড ও রান্নাঘরের দিকে চলে যান মহকুমা শাসক। রোগীদের জন্য বরাদ্দ খাবারের মান খতিয়ে দেখতে তিনি নিজেই রান্নার কর্মীদের কাছে চেয়ে নেন রোগীদের জন্য তৈরি ভাত, তরকারি ও অন্যান্য খাবার। নিজেই খেয়ে তা পরখ করে দেখেন।