Gyanesh Kumar: SIR বিতর্কের আবহেই জ্ঞানেশ কুমারকে আরও বড় দায়িত্ব | CEC Gyanesh Kumar Could Play Big Part in Delimitation amid SIR Controversy - 24 Ghanta Bangla News
Home

Gyanesh Kumar: SIR বিতর্কের আবহেই জ্ঞানেশ কুমারকে আরও বড় দায়িত্ব | CEC Gyanesh Kumar Could Play Big Part in Delimitation amid SIR Controversy

Spread the love

Gyanesh Kumar: SIR বিতর্কের আবহেই জ্ঞানেশ কুমারকে আরও বড় দায়িত্ব

জ্ঞানেশ কুমার।Image Credit: X

নয়া দিল্লি: এসআইআর বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছিল বিরোধীরা। তাঁর বিরুদ্ধে ১৯৩ জন সাংসদ চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। উল্টে তিনি পেতে পারেন আরেক বড় দায়িত্ব। যদি আসন্ন বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ হয়, তাহলে ভারতের নতুন ভোট মানচিত্র তৈরিতে বিশেষ ভূমিকা পালন করতে পারেন জ্ঞানেশ কুমার।

ডিলিমিটেশন বিল বা আসন পুনর্বিন্যাস বিল ২০২৬ গত এপ্রিল মাসে লোকসভায় আনা হয়েছিল। সেই সময় দুই তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায়, বিল পাশ করানো সম্ভব হয়নি। এদিকে, রাজ্যগুলির দাবি মেনে এবার প্রস্তাব দেওয়া হয়েছে যে আসন পুনর্বিন্যাসে প্রতিটি রাজ্যেই আসন সংখ্যা ৫০ শতাংশ করে বাড়ানো হবে। পাশাপাশি আগামী ২৫ বছর ডিলিমিটেশন ফ্রিজ থাকবে। অর্থাৎ আগামী ২৫ বছরে রাজ্যগুলির আসন সংখ্যায় কোনও পরিবর্তন হবে না।

জানা গিয়েছে, আসন পুনর্বিন্যাস হলে, তা একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে হবে। কমিটির বাকি সদস্যদের মধ্যে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন মনোনীত একজন নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন কমিশনাররা।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের মেয়াদ রয়েছে ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত। ২০২৯ সালে লোকসভা নির্বাচনও রয়েছে। যদি আসন পুনর্বিন্যাসের পর লোকসভা নির্বাচন হয়, তাহলে তার আগেই ডিলিমিটেশন সম্পূর্ণ করতে হবে। আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল, ২০২৬-এ উল্লেখ রয়েছে কমিশনের মেয়াদ ঠিক করবে কেন্দ্রীয় সরকার। এই বিলেই বলা হয়েছে, প্রতিটি রাজ্যের ক্ষেত্রে কমিশন তার দায়িত্ব পালনে সহায়তার জন্য ১০ জনকে নিজেদের সঙ্গে যুক্ত করবে। এই ১০ জনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্য থেকে লোকসভার ৫ জন সাংসদ এবং ৫ জন বিধায়ক থাকবেন। তবে, এই সহযোগী সদস্যদের ভোট দেওয়ার অধিকার থাকবে না। পাশাপাশি কমিশনের কোনও সিদ্ধান্তে স্বাক্ষর করার অধিকারও তাঁদের থাকবে না, বলে বিলে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *