BJP Leader Viral Comment: ‘ককরোচ, সিপিআইএম, কংগ্রেস সহযোগীদের বাড়িতে কেউ মেয়ের বিয়ে দেবেন না’, নিদান বিজেপি নেতার | Murshidabad BJP Leader Somen Mondal Asks People not to Marry their Daughters to CJP, CPIM or Congress Supporter Family, Sparks Debate
বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার।Image Credit: TV9 বাংলা
মুর্শিদাবাদ: বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু কে কোথায় বিয়ে দেবেন, সেটাও কি ঠিক করে দেবে রাজনৈতিক দল? বিয়ে দেওয়া নিয়ে এমনই নিদান দিলেন এক বিজেপি নেতা। ককরোচ জনতা পার্টি, কমিউনিস্ট ও কংগ্রেসদের এবং তাদের সাহায্যকারীদের বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়া নিদান বিজেপি নেতার।
মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সোমেন মন্ডল। তাঁর বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি নিদান দিয়েছেন যে কমিউনিস্ট, কংগ্রেস ও সদ্য গজিয়ে ওঠা ককরোচ জনতা পার্টির সমর্থকদের পরিবারে বিয়ে দেওয়া উচিত নয়। এমনকী চায়ের দোকানে বসে থাকলেও, তাদের থেকে ১০ হাত দূরত্বে বজায় রাখার নিদান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিজেপি সরকারের সমর্থনে লালবাগের পাঁচরাহা মোড়ে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মন্ত্রীকে পাশে বসিয়েই নিদান দিয়েছেন মুর্শিদাবাদ সংগঠন জেলা সভাপতি সোমেন মন্ডল।
সোমেন মন্ডল বলেন,”ককরোচ, সিপিআইএম এবং কংগ্রেস সহযোগীদের বাড়িতে কেউ মেয়ের বিয়ে দেবেন না। এমনকী কোনও চায়ের দোকানে বসে থাকলে, তাদের থেকে দশ হাত দূরত্ব বজায় রাখুন। এরা শুধু রাজনৈতিক শত্রু নয়, এরা আপনার,আমার-সকলের দেশের শত্রু।” আর এই বক্তব্যের পরই সরগরম জেলা রাজনীতি। তৈরি হয়েছে বিতর্ক।