৭৪০ কিমি নিয়ন্ত্রণরেখায় নজর, পাকিস্তান সীমান্তে পঞ্চম S-400 আনছে ভারত

নয়াদিল্লি: পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে একাধিক দেশ সাহায্যের হাত বাড়াচ্ছে। চিন ও তুরস্কের কাছ থেকে সামরিক সরঞ্জাম পাচ্ছে ইসলামাবাদ। আমেরিকার তরফে পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের আধুনিকীকরণের উদ্যোগও রয়েছে। অন্যদিকে, সৌদি আরবের আর্থিক সহায়তাও সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর আকাশপথের নিরাপত্তা আরও মজবুত করতে চাইছে ভারত। সেই লক্ষ্যেই পঞ্চম S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি চলছে বলে দাবি করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত দুই শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, আগামী মাসে রাশিয়ায় যাবে ভারতীয় বায়ুসেনার একটি পরিদর্শক দল। পঞ্চম S-400 ব্যবস্থা তৈরির কাজ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
বর্তমানে ভারতের হাতে চারটি S-400 ব্যবস্থা রয়েছে। এর মধ্যে তিনটি পঞ্জাব, রাজস্থান ও গুজরাতে মোতায়েন করা হয়েছে। অসমে রয়েছে চতুর্থটি। অরুণাচল প্রদেশ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ওই ব্যবস্থা। এবার জম্মু-কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখার আকাশপথ সুরক্ষিত করতে পঞ্চম ইউনিটটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি।
রাশিয়ার তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা ৪০ থেকে ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, চালকবিহীন আকাশযান এবং আত্মঘাতী ড্রোনের মতো বিপদ মোকাবিলায় সক্ষম S-400। গত বছরের অপারেশন সিঁদুরে এই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই অভিযানে পাকিস্তানের একাধিক সামরিক বিমান ও নজরদারি ব্যবস্থা ধ্বংস করার দাবি করা হয়েছিল।
এদিকে, ২০২৭ সালে পাকিস্তানকে চিনের J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বিগ্ন ভারতীয় প্রতিরক্ষা মহল। পাশাপাশি PL-15E-এর মতো দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং HQ-9BE প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলায় নতুন অস্ত্র তৈরির পরিকল্পনা চলছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, লয়টারিং মিউনিশন এবং সীমান্ত পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দিচ্ছে ভারত।
এক সামরিক আধিকারিকের বক্তব্য, ভবিষ্যতের যুদ্ধে দূর থেকেই আঘাত হানার ক্ষমতা বড় ভূমিকা নেবে। যে দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লা বেশি এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর ক্ষমতা উন্নত, লড়াইয়ে তারাই বাড়তি সুবিধা পাবে।
‘৫০ শতাংশ কম দামে মিলবে দুরারোগ্য ব্যাধির ওষুধ!’ দুর্গাপুর থেকে বার্তা শুভেন্দুর
জৈশ জঙ্গি গ্রেফতার হওয়ার পরই মোদী রাজ্যে গ্রামে ঢুকে হিন্দুদের মারধর ইসলামপন্থীদের