বেতন পৌনে ২ লক্ষ, তবু খোরপোশ চান ‘উপার্জনহীন’, মহিলাকে জরিমানা কোর্টের - 24 Ghanta Bangla News
Home

বেতন পৌনে ২ লক্ষ, তবু খোরপোশ চান ‘উপার্জনহীন’, মহিলাকে জরিমানা কোর্টের

Spread the love

এই সময়: ভরণ–পোষণের জন্য স্বামীর কাছ থেকে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ দাবি করে মামলা করেছিলেন এক মহিলা। তিনি নিজেকে হোমমেকার ও উপার্জনহীন বলেও দাবি করেছিলেন। ওই দম্পতির ডিভোর্সের মামলা চলছে। কিন্তু দেখা গেল, ওই মহিলা চাকরি তো করেনই, এমনকী স্বামীর চেয়ে বেশি বেতন পান তিনি।

তার জন্য খোরপোশের দাবি জানিয়ে ওই মহিলার করা মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করেছে এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে ওই মহিলাকে। এর আগে, তাঁর আবেদনের ভিত্তিতে আলিপুর আদালতের নবম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর স্বামীকে মাসে ৪৫ হাজার টাকা খোরপোশ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশও হাইকোর্ট খারিজ করেছে।

বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের পর্যবেক্ষণ, ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্য অসহায় ও উপার্জনহীন, স্বামী–বিচ্ছিন্না মহিলাকে আর্থিক সুরক্ষা দেওয়া— প্রতিহিংসা চরিতার্থ করা নয়। অথচ এখানে আইনের ধারাকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ২০২২ থেকে চলা ওই মামলা আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলেও মনে করেছে হাইকোর্ট।

আলিপুর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই মহিলার স্বামী হাইকোর্টের দ্বারস্থ হন। দু’পক্ষের আয়-ব্যয়ের হিসেব হাইকোর্ট তলব করলে দেখা যায়, আইটি সংস্থায় কর্মরত ওই ব্যক্তির মাসিক আয় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। স্ত্রীও কর্মরত অন্য একটি আইটি সংস্থায় এবং তাঁর মাসিক আয় প্রায় পৌনে ২ লক্ষ টাকা। হাইকোর্টের প্রশ্নের মুখে ওই মহিলার দাবি ছিল, আইনজীবীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হলফনামায়

তাঁর চাকরি ও আয়ের তথ্য উল্লেখ করা হয়নি। সেই যুক্তি মানতে চায়নি হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, বি–টেক ও এমসিএ ডিগ্রিধারী এক মহিলা হলফনামার বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন না, এটা বিশ্বাসযোগ্য নয়— আসলে খোরপোশ পেতে আয়ের কথা তিনি গোপন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *