CMOH Reshuffle: হাইকোর্ট নিযুক্ত কমিশনের পরিদর্শনের পরেই বদলে গেলেন পূর্ব বর্ধমানের CMOH | Purba Bardhaman CMOH Reshuffle: Dr. Atreyee Chakraborty Bandyopadhyay Replaces Dr. Jayram Hembram
অবসরপ্রাপ্ত বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বে কমিশনের হানাImage Credit: TV9 Bangla
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) পদে বড়সড় রদবদল ঘটল। এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডা. জয়রাম হেমব্রমকে। তাঁর জায়গায় জেলার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের আধিকারিক ডা. আত্রেয়ী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি দক্ষিণ ২৪ পরগনার ডেপুটি সিএমওএইচ-২ পদে কর্মরত ছিলেন।
জেলার স্বাস্থ্য প্রশাসনে এই রদবদল ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে, দিনকয়েক আগেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন একটি কমিশনের বর্ধমান সফরের পরপরই এই সিদ্ধান্ত সামনে আসায় জল্পনা আরও তীব্র হয়েছে। টানা দু’দিনের পরিদর্শন ও অভিযানে জেলার বেসরকারি চিকিৎসা পরিকাঠামোয় একাধিক গুরুতর অসংগতি খুঁজে পেয়েছিল ওই কমিশন। পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন কমিশনের সদস্যরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি কমিশনের ক্ষোভের জেরেই সিএমওএইচ পদে এই রদবদল?
যদিও জেলা প্রশাসনের তরফে এই সমস্ত জল্পনা সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য দফতরের বদলির এই বিজ্ঞপ্তিটি বেশ কিছুদিন আগেই জারি হয়েছিল। রুটিন প্রক্রিয়া মেনেই এতদিন পর পূর্ব বর্ধমানের ক্ষেত্রে সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে। ফলে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনের পরিদর্শনের সঙ্গে এই বদলির সরাসরি কোনও যোগসূত্র রয়েছে, এমনটা মনে করার কোনো কারণ নেই বলেই দাবি প্রশাসনের।