শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের ইন্ডিয়ান ফুটবল লিগের অভিযান শুরু করেছিল শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan) ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল রাজস্থান ইউনাইটেড এফসিকে। সেই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস জুগিয়েছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাবের। পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই শক্তিশালী রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে নেমেছিল শ্রীনিধি। একটা সময় জয় প্রায় নিশ্চিত মনে করা হলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছিল দুই শিবির। তবে সেই হতাশা কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দল।
ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর
তারপর কয়েকদিনের বিশ্রামের পর তৃতীয় ম্যাচে পাহাড়ের অন্যতম শক্তিশালী ফুটবল দল শিলং লাজং এফসির বিরুদ্ধে নেমেছিল দেশের এই দ্বিতীয় ডিভিশনের দলটি। সেখানে ভালো ফুটবল খেললেও পয়েন্ট ছিনিয়ে আনা সম্ভব হয়নি। খালি হাতেই ফিরতে হয়েছিল শহরে। পরবর্তীতে হাড্ডাহাড্ডি লড়াই করে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে ১ পয়েন্ট সুনিশ্চিত করলেও তারপর আর ঘুরে দাঁড়াতে অসুবিধা হয়নি। গত ম্যাচেই শ্রীনিধি ডেকান পরাজিত করেছে চানমারি এফসিকে। দিন তিনেক পরেই টুর্নামেন্টের সর্বোচ্চ শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে নামবে ক্লাবটি।
ALSO READ | রাইজিং স্টার্স এশিয়া কাপে ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড বৈভবের
সেখানেও সফল হতে চাইবেন দলের ফুটবলাররা। পূর্বের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বদল করা হয়েছে দলের কোচ। দায়িত্বে এসেছেন পর্তুগালের অভিজ্ঞ কোচ পেদ্রো ফারিয়া। একটা সময় নিজের দেশের শক্তিশালী দল এসকে বেনফিকার যুব দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাকেই দেওয়া হয়েছে দলের দায়িত্ব। বলাবাহুল্য, চানমারি বধের ক্ষেত্রে ও তার ভূমিকা অপরিসীম। ভারতের এই দলে কতটা সফল হতে পারেন সেটাই দেখার।