পাকিস্তানের মানচিত্র বদলাতে চান আসিম মুনির! ৪ প্রদেশ ভেঙে ১৫ করার ছক?

ইসলামাবাদ: পাকিস্তানের অভ্যন্তরীণ প্রশাসনিক মানচিত্র নতুন করে সাজানোর তোড়জোড় শুরু করেছেন দেশের সেনাপ্রধান তথা চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। আপাতদৃষ্টিতে একে সুশাসন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পদক্ষেপ হিসেবে তুলে ধরা হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর নেপথ্যে রয়েছে পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে প্রদেশগুলির ক্ষমতা খর্ব করে কেন্দ্র তথা সেনাবাহিনীর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার কৌশল। তবে এই পরিকল্পনা ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিরোধ শুরু হয়েছে সিন্ধু প্রদেশে, যা পাকিস্তানকে নতুন করে এক ভয়াবহ রাজনৈতিক ও জাতিগত সংঘাতের মুখে ঠেলে দিতে পারে।
কী কী প্রস্তাব রয়েছে মানচিত্র বদলের খসড়ায়?
১৯৪৭ সালে জন্মলগ্ন থেকেই পাকিস্তান মূলত চারটি প্রদেশ- পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং বালুচিস্তান নিয়ে গঠিত। সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খসড়া অনুযায়ী, এই চারটি প্রদেশ ভেঙে দেশে ১২ থেকে ১৫টি ছোট প্রদেশ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
একটি ফর্মুলায় পাঞ্জাবকে ৪টি, সিন্ধুকে ২টি এবং খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানকে ৩টি করে প্রদেশে ভাগ করার কথা বলা হয়েছে।
অন্য একটি প্রস্তাবে পাঞ্জাবকে ৩টি এবং বালুচিস্তানকে ২টি ভাগে বিভক্ত করার পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার পাশতুন অধ্যুষিত এলাকা থেকে হাজারা অঞ্চলকে আলাদা করার কথা ভাবা হয়েছে।
সবচেয়ে বিতর্কিত প্রস্তাবটি হল, দেশের বাণিজ্যিক রাজধানী করাচি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্বদর বন্দরকে প্রদেশের হাত থেকে কেড়ে নিয়ে সরাসরি কেন্দ্রের শাসনে (Federal Administration) নিয়ে আসা।
পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই আলোচনার পক্ষে সওয়াল করেছেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালের শেষের দিকে এই সংক্রান্ত সুস্পষ্ট প্রস্তাব সামনে আসতে পারে এবং ২০২৭ সালের শুরুতে পদক্ষেপ নেওয়া হতে পারে।
প্রশাসনিক সংস্কার নাকি রাজনৈতিক ছক?
আসিম মুনির প্রকাশ্যে কোনো ব্লু-প্রিন্ট না দিলেও, গোটা উদ্যোগটির পেছনে যে সেনা এস্টাবলিশমেন্টের হাত রয়েছে তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে, পাঞ্জাবে নওয়াজ শরিফের দল পিএমএল-এন (PML-N) এবং সিন্ধুতে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি (PPP)-এর একচ্ছত্র রাজনৈতিক দুর্গ ভাঙতেই এই ছক কষা হয়েছে। প্রদেশগুলি ছোট হলে আঞ্চলিক দলগুলির শক্তি কমবে এবং নতুন তৈরি হওয়া ছোট প্রদেশগুলি অর্থ ও ক্ষমতার জন্য পুরোপুরি ইসলামাবাদ ও সেনাবাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এর আগে জেনারেল জিয়া-উল-হকের আমলেও একই ধরনের চেষ্টা হয়েছিল।
সিন্ধুতে প্রবল প্রতিরোধ ও ‘সিন্ধুদেশ’-এর দাবি
এই প্রস্তাবের বিরুদ্ধে সবচেয়ে তীব্র বিদ্রোহ শুরু হয়েছে সিন্ধু প্রদেশে। পাকিস্তানের সংবিধানের ২৩৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রদেশের সীমানা বদলাতে হলে সংসদের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদেও দুই-তৃতীয়াংশ সমর্থন বাধ্যতামূলক। এই সাংবিধানিক ক্ষমতাকে কাজে লাগিয়ে গত ৩ সেপ্টেম্বর সিন্ধু প্রাদেশিক পরিষদ সর্বসম্মতিক্রমে প্রদেশ ভাগের যেকোনো প্রস্তাব খারিজ করে দিয়েছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপস হবে না। অন্যদিকে, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়েছেন, জোর করে সিন্ধু ভাগ করার চেষ্টা হলে করাচি ও হায়দরাবাদে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়তে পারে। করাচিকে সিন্ধু থেকে আলাদা করার অর্থ প্রদেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। ইতিমধ্যেই সিন্ধি জাতীয়তাবাদী সংগঠনগুলি পাঞ্জাবি-অধ্যুষিত সেনাবাহিনীর বিরুদ্ধে পথে নেমেছে। কোথাও পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুমকি দেওয়া হচ্ছে, তো কোথাও আবার স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর পুরোনো দাবি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।
অর্থনৈতিক বোঝা ও নিরাপত্তার ঝুঁকি
নতুন প্রদেশ তৈরি হলে আলাদা রাজধানী, বিধানসভা, মন্ত্রিসভা ও আমলাতন্ত্র গড়তে প্রতি বছর কয়েকশো বিলিয়ন রুপির অতিরিক্ত অর্থনৈতিক বোঝা চাপবে ঋণগ্রস্ত পাকিস্তানের ওপর। পাশাপাশি জলবণ্টন, কর ও প্রাকৃতিক সম্পদের ভাগ নিয়ে নতুন সংঘাত তৈরি হবে। সর্বোপরি, বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ এবং খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলার আবহে স্পর্শকাতর সীমান্ত এলাকায় মানচিত্র বদলের চেষ্টা করলে গোটা পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
‘হাসিনার কোনও ক্ষতি হলে দায় তারেক সরকারের’, বাংলাদেশকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন কর্তার
জনমতের চাপে ইউ-টার্ন! ২০২৭-এ দু’ঘণ্টা পিছিয়ে পুরোনো টাইম জোনেই ফিরছে গ্রিনল্যান্ড