গাড়ির পিএলআই: বরাদ্দের দ্বিগুণেরও বেশি বিলি কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

গাড়ির পিএলআই: বরাদ্দের দ্বিগুণেরও বেশি বিলি কেন্দ্রের

Spread the love

এই সময়: দেশের অটোমোবাইল এবং গাড়ির যন্ত্রাংশ শিল্পে উৎপাদন বাড়াতে উৎপাদন-ভিত্তিক উৎসাহ প্রকল্পের (পিএলআই) অর্থ বরাদ্দের গতি বাড়াল কেন্দ্র। চলতি অর্থবর্ষের প্রথম আট মাসে এই খাতে ৪,৩৮৫.২৮ কোটি টাকা বিলি করেছে ভারী শিল্প মন্ত্রক। ২৫ নভেম্বর পর্যন্ত গত পুরো অর্থবর্ষের তুলনায় দ্বিগুণেরও বেশি অর্থ বিলি করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পে মোট ২,০৬৪.৩৬ কোটি টাকা বিলি করা হয়েছিল। ফলে চলতি অর্থবর্ষে এখনও চার মাস বাকি থাকতেই সেই অঙ্ককে অনেকটা পিছনে ফেলে দিয়েছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পৌরোহিত্যে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকের পরে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের দাবি, দেশে উন্নত প্রযুক্তিনির্ভর গাড়ি ও তার যন্ত্রাংশ উৎপাদনে গতি আনতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০২১-এর ১৫ সেপ্টেম্বর দেশের গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ শিল্পের জন্য পিএলআই প্রকল্পে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার আট দিন পরে, ২৩ সেপ্টেম্বর প্রকল্পটি আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি দিয়ে চালু করা হয়। ২০২২-২৩ থেকে ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত পাঁচ বছরের জন্য এই প্রকল্পে মোট ২৫,৯৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত বৈদ্যুতিক গাড়ি (ইভি), তার যন্ত্রাংশ এবং অন্য উন্নত অটোমোটিভ প্রযুক্তির পণ্য দেশে উৎপাদনে উৎসাহ দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। উৎপাদন ও বিক্রির সঙ্গে যুক্ত নির্দিষ্ট শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আর্থিক উৎসাহ ভাতা দেওয়া হয়। এর ফলে এক দিকে যেমন দেশে গাড়ি শিল্পের উৎপাদন পরিকাঠামো শক্তিশালী হওয়ার কথা, তেমনই আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে।

মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে মাত্র ৩২২ কোটি টাকা বিলি হয়েছিল। পরের অর্থবর্ষে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২,০৬৪.৩৬ কোটি টাকায়। আর চলতি অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ২৫ নভেম্বরের মধ্যে বিলি করা হয়েছে ৪,৩৮৫.২৮ কোটি টাকা। সব মিলিয়ে প্রকল্প চালুর পর থেকে এখনও পর্যন্ত মোট ৬,৭৭১.৬৪ কোটি টাকা ইনসেনটিভ হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ পাঁচ বছরের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ইনসেনটিভ বিলির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে মোট বরাদ্দের তুলনায় এখনও অনেকটাই অর্থ বিলি বাকি রয়েছে।

বিনিয়োগের নিরিখেও প্রকল্পের অগ্রগতি আশাব্যঞ্জক বলে দাবি করেছে কেন্দ্র। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের অনুমোদন পাওয়া সংস্থাগুলি সম্মিলিত ভাবে ৫২,৮০৬ কোটি টাকা বিনিয়োগ করেছে। অথচ সরকারের নির্ধারিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ৪২,৫০০ কোটি টাকা। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি বিনিয়োগ এসেছে। শুধু বিনিয়োগ নয়, উৎপাদন ও বিক্রির ক্ষেত্রেও প্রকল্পের প্রভাব পড়েছে বলে মন্ত্রকের দাবি। প্রকল্পের আওতায় সংস্থাগুলি ২০২০ অর্থবর্ষকে ভিত্তিবর্ষ ধরে অতিরিক্ত ৮২,৯৯৩ কোটি টাকার বিক্রি করেছে। এখানে অতিরিক্ত বিক্রি বলতে ভিত্তিবর্ষে সংশ্লিষ্ট যোগ্য পণ্যের বিক্রির তুলনায় পরবর্তী সময়ে হওয়া বাড়তি বিক্রিকে বোঝানো হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে ৭৭,৭৫৫টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *