KMC: যেখানে বসেছেন নেতাজি, দেশবন্ধু, হাতুড়ি-করাত দিয়ে পুরসভার সেই অধিবেশন কক্ষে চলছে জোরকদমে কাজ | Kolkata municipal corporation building's room getting renovated raises question as case going on - 24 Ghanta Bangla News
Home

KMC: যেখানে বসেছেন নেতাজি, দেশবন্ধু, হাতুড়ি-করাত দিয়ে পুরসভার সেই অধিবেশন কক্ষে চলছে জোরকদমে কাজ | Kolkata municipal corporation building’s room getting renovated raises question as case going on

Spread the love

কলকাতা: কলকাতা পুরসভার হেরিটেজ অধিবেশন কক্ষের অন্দরসজ্জায় বড়সড়
পরিবর্তন। হাতুড়ি-করাত দিয়ে চলছে ভাঙার কাজ। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা যখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন, তারই মধ্যে কাজ শুরু হয়ে গেল পুরসভার ভবনে। প্রস্তাবিত ওয়ার্ড বিন্যাসে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের সিলমোহর পড়বে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এরই মধ্যে কলকাতা পুরসভার হেরিটেজ তকমাপ্রাপ্ত অধিবেশন কক্ষের অন্দরসজ্জা বদলে ফেলার কাজে কার্যত যুদ্ধকালীন তৎপরতা পুরসভা প্রশাসনের। এতদিন কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে ১৪৪ জন কাউন্সিলরের বসার ব্যবস্থা ছিল। প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাস কার্যকর হলে কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০৯। অর্থাৎ, নতুন করে আরও ৬৫ জন কাউন্সিলরের বসার ব্যবস্থা করতে হবে। সেই কারণেই অধিবেশন কক্ষের ভিতরে শুরু হয়েছে ব্যাপক ভাঙাচোরা ও সংস্কারের কাজ।

অধিবেশন কক্ষের দু’পাশে কাউন্সিলরদের বসার জন্য থাকা নির্দিষ্ট অংশ কেটে ফেলা হচ্ছে। হাতুড়ি ও বৈদ্যুতিক করাত দিয়ে একের পর এক টেবিল, চেয়ার এবং বসার পরিকাঠামো সরিয়ে ফেলা হচ্ছে। নতুন কাউন্সিলরদের বসার জায়গা তৈরি করতেই এই পরিবর্তন বলে জানা যাচ্ছে।

ইতিহাসের সাক্ষী অধিবেশন কক্ষ, বদলে যাচ্ছে তার অন্দরসজ্জা

কলকাতা পুরসভা সূত্রে খবর, ১৯০৬ সালে তৈরি হয়েছিল পুরসভার এই অধিবেশন কক্ষ। পরবর্তী সময়ে ধাপে ধাপে কলকাতা পুরসভার বিভিন্ন অংশের পরিকাঠামো গড়ে ওঠে। এই ঐতিহাসিক অধিবেশন কক্ষেই একসময় মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই হেরিটেজ অধিবেশন কক্ষ। অথচ সেই ঐতিহাসিক কক্ষের ভিতরেই এখন হাতুড়ি ও বৈদ্যুতিক করাত দিয়ে চলছে ভাঙার কাজ। একের পর এক ঐতিহ্যবাহী টেবিল, চেয়ার এবং বসার পরিকাঠামো সরিয়ে ফেলার ঘটনায় প্রশ্নও উঠেছে।

উঠছে একাধিক প্রশ্ন

সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন, সেই সিদ্ধান্তের ভিত্তিতে এত তড়িঘড়ি অধিবেশন কক্ষের পরিকাঠামো বদলানো হচ্ছে কেন? প্রশ্ন উঠেছে। হেরিটেজ তকমাপ্রাপ্ত অধিবেশন কক্ষে এই ধরনের পরিবর্তন করার ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছে কি না, উঠেছে সেই প্রশ্নও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *