Jaggery vs white sugar: চিনির বদলে গুড় খেয়ে ভাবছেন দারুণ কাজ করছেন? শরীরের কী হাল হচ্ছে জানেন! | Jaggery vs White Sugar: Is Gur Really Healthier or Just a Myth? - 24 Ghanta Bangla News
Home

Jaggery vs white sugar: চিনির বদলে গুড় খেয়ে ভাবছেন দারুণ কাজ করছেন? শরীরের কী হাল হচ্ছে জানেন! | Jaggery vs White Sugar: Is Gur Really Healthier or Just a Myth?

Spread the love

Jaggery vs white sugar: চিনির বদলে গুড় খেয়ে ভাবছেন দারুণ কাজ করছেন? শরীরের কী হাল হচ্ছে জানেন!

কী বলছেন বিশেষজ্ঞরা?Image Credit: AI Tool

সকালের চা হোক বা দুপুরের পর একটু মিষ্টিমুখ- শরীর সুস্থ রাখতে অনেকেই এখন সাদা চিনির বদলে গুড় (Jaggery) বেছে নিচ্ছেন। ভাবছেন, প্রাকৃতিক জিনিস মানেই শরীরের জন্য দারুণ উপকারী। কিন্তু সত্যিই কি তাই? নাকি অজান্তেই চিনির মতোই শরীরের ক্ষতি করছে এই গুড়? সম্প্রতি সমাজমাধ্যমে এই নিয়ে জোর তর্ক শুরু হয়েছে। এক কনটেন্ট ক্রিয়েটর গুড়কে স্বাস্থ্যকর বলতেই তাঁর বন্ধু পাল্টা যুক্তি দেন, গুড়ও রক্তে সুগার বাড়িয়ে দেয়। এই বিতর্কের আসল সত্যিটা জানালেন এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক সন্দীপ খার্ব।

গুড় আর চিনির আসল তফাৎ কোথায়?

চিকিৎসক জানাচ্ছেন, সাদা চিনি পুরোটাই কারখানায় পরিশোধন করে তৈরি সুক্রোজ। অন্যদিকে, গুড় কম পরিশোধন করা হয় বলে এতে সামান্য আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে। এইটুকুই যা তফাৎ। কিন্তু ভুলে গেলে চলবে না, গুড়ের মধ্যেও ৬৫ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত সুক্রোজ থাকে। অর্থাৎ, নাম আর রং আলাদা হলেও গুড় আদতে চিনিরই আরেক রূপ।

গুড় খেলেই কি রক্তে হিমোগ্লোবিন বাড়ে?

ছোটবেলা থেকেই অনেকেই শুনে আসছেন, রোজ এক টুকরো গুড় খেলে রক্ত বাড়ে। চিকিৎসক সন্দীপ খার্ব এই ধারণা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তাঁর মতে, রোজকার সামান্য গুড়ে যেটুকু আয়রন থাকে, তা শরীরের চাহিদা মেটানোর জন্য একদমই যথেষ্ট নয়। তাই শরীরে রক্ত কম থাকলে বা অ্যানিমিয়া হলে তা সারানোর জন্য গুড়ের ওপর ভরসা করা মোটেও ঠিক নয়।

ডায়াবেটিস ও ওজন কমাতে কতটা নিরাপদ?

ডায়াবেটিস রোগীদের জন্য গুড় একদমই নিরাপদ নয়। চিনির মতোই গুড় খুব তাড়াতাড়ি হজম হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। আবার যাঁরা ওজন কমাতে চিনি ছেড়ে গুড়ের চা বা মিষ্টি খাচ্ছেন, তাঁরাও বড় ভুল করছেন। প্রাকৃতিক জিনিস হলেও গুড়ে প্রচুর ক্যালোরি থাকে। প্রয়োজনের বেশি খেলে ওজন বাড়ে, দাঁতেরও ক্ষতি হয়। গুড় দিয়ে তৈরি মিষ্টি কখনওই ‘সুগার-ফ্রি’ নয়।

সব গুড় কি খাঁটি?

বাজারে পাওয়া সব গুড় এক মানের হয় না। কীভাবে তৈরি হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে, তার ওপর গুড়ের গুণমান নির্ভর করে। অস্বাস্থ্যকর পরিবেশে রাখলে গুড়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই খোলা বাজার থেকে যা-তা না কিনে ভালো সংস্থার তৈরি পরিষ্কার গুড় কেনা জরুরি।

সবশেষে চিকিৎসকের স্পষ্ট কথা, গুড়কে স্বাস্থ্যকর খাবার ভেবে বেশি খাওয়ার কোনও কারণ নেই। মাঝেমধ্যে অল্প মিষ্টি খাওয়াই যায়। তবে দীর্ঘদিন সুস্থ থাকতে হলে চিনি বা গুড়— দুটোই কমিয়ে ধীরে ধীরে মিষ্টি খাওয়ার অভ্যাস বদলাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *