Islampur Name Change: বদলে যাবে ইসলামপুরের নাম? শহরে প্রবেশের মুখে পোস্টার ঘিরে শোরগোল | Islampur Name Change Demand: VHP Puts Up ‘Welcome to Ishwarpur’ Banners, - 24 Ghanta Bangla News
Home

Islampur Name Change: বদলে যাবে ইসলামপুরের নাম? শহরে প্রবেশের মুখে পোস্টার ঘিরে শোরগোল | Islampur Name Change Demand: VHP Puts Up ‘Welcome to Ishwarpur’ Banners,

Spread the love

Islampur Name Change: বদলে যাবে ইসলামপুরের নাম? শহরে প্রবেশের মুখে পোস্টার ঘিরে শোরগোল

ইসলামপুরে পোস্টারImage Credit: Tv9 Bangla

ইসলামপুর: নাম বদলে যাবে এবার ইসলামপুরের (Islampur)? ইসলামপুরে ঢোকার ঠিক মুখেই দেখা যাচ্ছে একটি পোস্টার বা ব্যানার। লেখা, ‘ঈশ্বরপুর শহরে স্বাগত’। তাহলে কি ইসলামপুরের নাম বদলে হবে ঈশ্বরপুর? বিশ্ব হিন্দু পরিষদের তরফে লাগানো এই ব্যানারকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। একদিকে, এই দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি (BJP)। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress) ও সিপিআইএম (CPIM)।

ঠিক কী দাবি করা হয়েছে?

জানা গিয়েছে, বুধবার রাতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যানার ও পোস্টার লাগান। শহরের বাস টার্মিনাস, শ্রীকৃষ্ণপুর ও অলিগঞ্জ এলাকায় এই ব্যানার-পোস্টার দেখা গিয়েছে। পাশাপাশি শহরে প্রবেশের একাধিক পথে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে লাগানো হয়েছে ‘ঈশ্বরপুর শহরে স্বাগত’ লেখা ব্যানার। ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করার দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি বলে জানা গিয়েছে।

আগেও একই দাবি উঠেছে

প্রসঙ্গত, ইসলামপুরের নাম পরিবর্তনের দাবি অবশ্য নতুন নয়। নির্বাচনের আগে ইসলামপুরে একটি জনসভা থেকে শহরের নাম বদলে ঈশ্বরপুর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রবেশপথেও এভাবে ব্যানার লাগানোকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিকে, বিশ্ব হিন্দু পরিষদের এই দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি। অন্যদিকে, ইসলামপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস ও সিপিআইএম। তাদের দাবি, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে এলাকায় বিভাজনের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *