সুরুলিয়া মিনি জ়ু-তে আসছে জোড়া লেপার্ড, পরিকল্পনায় লায়ন সাফারিও
শীতের মরশুমে নতুন অতিথি আসছে সুরুলিয়া মিনি জ়ু-তে। পুরুলিয়ার এই মিনি চিড়িয়াখানা শীতের মধ্যেই আসছে লেপার্ড। চলতি শীতেই উত্তরবঙ্গের দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেন্টার থেকে আনা হচ্ছে এক জোড়া লেপার্ড। একটি পুরুষ এবং একটি মাদি। পুরুষ লেপার্ডির বয়স ৯ বছর, নাম ‘লক্ষ্য’। আর মাদি লেপার্ডটির নাম ‘ঢালিয়া’, বয়স ১১ বছর। সব ঠিক থাকলে নতুন বছরের গোড়াতেই সুরুলিয়া মিনি জু-তে দর্শকদের সামনে হাজির হবে এই দুই নতুন অতিথি। শীতের মরশুমে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে পুরুলিয়ার এই চিড়িয়াখানা।
লায়ন সাফারির পরিকল্পনা:
তবে এটুকুই নয়, এই মিনি জ়ু-কে আরও বড় আকারে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে বনদপ্তরের। সুরুলিয়া মিনি জ়ু-কে পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় উন্নীত করার ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এশিয়াটিক লায়ন সাফারির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
চিড়িয়াখানা পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী
বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সুরুলিয়া মিনি জ়ু পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। পরিদর্শনের পরে বনমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁর এই সফর। খুব শীঘ্রই এখানে এক জোড়া লেপার্ড আনা হবে। পাশাপাশি চিড়িয়াখানার পরিকাঠামো সম্প্রসারণের জন্য মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। সেই পরিকল্পনার মধ্যেই রয়েছে লায়ন সাফারি।