সমর্থকদের অনুরোধে কমছে ডার্বি টিকিটের দাম, জানালেন দেবব্রত সরকার
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী ২৯ নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ (KolkataDerby)। যেখানে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। খাতায় কলমে লাল-হলুদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান দল। শুরুটা খুব একটা ভালো না হলেও বর্তমানে ৬ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা। অন্যদিকে, জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও গত দুইটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। শেষ দুইটি ম্যাচ থেকে তাদের সংগ্রহে রয়েছে মাত্র এক পয়েন্ট।
তার উপর রয়েছে দলের চোট সমস্যা। আনোয়ার আলি থেকে শুরু করে এডমুন্ড লালরিন্ডিকার মত ফুটবলাররা চোট সমস্যার জন্য ছিটকে গিয়েছিলেন আগেই। তার উপর গতকাল এসিএল টুয়ের ম্যাচে আল হুসেইনের বিরুদ্ধে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান দলের অন্যতম ভরসাযোগ্য বিদেশি ফুটবলার দানি রামিরেজ। এই পরিস্থিতিতে প্রথম একাদশ সাজাতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে লাল-হলুদ কোচের। তবে আল হুসেইনের বিরুদ্ধে জয় যে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের মধ্যে সেটা ভালো মতোই জানেন সমর্থকরা।
এবার সকলের নজর হাইভোল্টেজ ডার্বি ম্যাচের দিকে। গত কয়েকদিন আগেই শুরু হয়েছে ডার্বি টিকিট বিক্রি। কিন্তু এক্ষেত্রে ব্যাপকভাবে নজর কাড়ছে টিকিটের দাম। আগের তুলনায় অনেকটাই বেড়েছিল সেই মূল্য। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ময়দানে। সেই নিয়ে পরবর্তীতে টিকিটের দাম কমানোর আবেদন জানাতে দেখা যায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে। তারপর আজ সন্ধ্যায় টিকিট নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেয় মশাল ব্রিগেড। আজ কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা জানান, ‘ আমরা আজকে ক্লাবে সবাই সম্মিলিত হয়ে বেশকিছু মেইল উদ্ধার করেছি। এছাড়াও বহু অফিসিয়ালের কাছে বহু ছাত্র-ছাত্রী ও সমর্থকদের অনুরোধ আসে। টিকিটের মূল্য পুর্ন বিবেচনা করার জন্য।’
আরও বলেন, ‘ সেই নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা টিকিটের মূল্য নির্ধারণ করেছি। সকল ক্রীড়াপ্রেমী মানুষ ও ছাত্র-ছাত্রীদের মাঠে এসে নিজ নিজ দলকে সমর্থন করার অনুরোধ রাখলাম।’ সেই অনুযায়ী এবার এই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের টিকিটের মূল্য শুরু হতে চলেছে ২০০ টাকা থেকে। যা প্রায় ৫৫০ টাকা পর্যন্ত বজায় থাকছে। আরও জানা গিয়েছে, যারা ইতিমধ্যেই অধিক অর্থ দিয়ে টিকিট সংগ্রহ করে ফেলেছে খুব শীঘ্রই তাদের কাছে ফিরিয়ে দেওয়া হতে চলেছে সেই অতিরিক্ত মূল্য।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
#KolkataDerby #EastBengal #MohunBagan #IndianFootball