গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভ, খুলনায় আওয়ামী লীগ নেতা খুন! চাপে তারেক সরকার

ঢাকা: বাংলাদেশে একের পর এক অস্থিরতার ঘটনায় চাপে পড়েছে তারেক রহমানের সরকার। একদিকে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিক্ষোভ, অন্যদিকে রাজনৈতিক সংঘর্ষ ও হামলার ঘটনা। এর মধ্যেই…
ঢাকা: বাংলাদেশে একের পর এক অস্থিরতার ঘটনায় চাপে পড়েছে তারেক রহমানের সরকার। একদিকে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিক্ষোভ, অন্যদিকে রাজনৈতিক সংঘর্ষ ও হামলার ঘটনা। এর মধ্যেই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
গাজীপুরের শ্রীপুর শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ বুধবারও অব্যাহত ছিল। মালিকপক্ষ ১৭ হাজার টাকা মজুরি দিতে রাজি হলেও সেই প্রস্তাব মানতে নারাজ শ্রমিকদের একাংশ। তাঁদের দাবি, মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৩০ হাজার টাকা। বিক্ষোভের মধ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতির জেরে অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
পোশাকশ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে মজুরি বোর্ড। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বৈঠকের পর ভোটাভুটিতে এই সিদ্ধান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু’জন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, তাঁদের প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা।
একই দাবিতে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলও। বাগবাড়ি মোড়ে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। গাজীপুর ও সাভার মিলিয়ে মোট ৮৭টি কারখানা বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, খুলনায় একাধিক জায়গায় গুলিচালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার মাত্র ন’ঘণ্টার ব্যবধানে পাঁচটি স্থানে গুলি চলে বলে খবর। দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় গুলিতে প্রাণ হারান ৪৫ বছরের শেখ আবদুল হালিম। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কারা এই হামলার নেপথ্যে, তা এখনও স্পষ্ট নয়।
গোপালগঞ্জেও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। নিরাপত্তার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা এখনই চালু হচ্ছে না। এলাকায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
এই পরিস্থিতিতে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। তবে তাঁর প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
বাংলাদেশে ফের হিন্দু মৃত্যু! নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও ১১ মাসের শিশুকন্যার মরদেহ উদ্ধার