ওয়াকফ বোর্ডের অনুষ্ঠানে ‘বন্দে মাতরমে না!’ জম্মু কাশ্মীরে ছড়াল বিতর্ক

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে জাতীয় গান ‘বন্দে মাতরম’।(Vande Mataram) ওয়াকফ বোর্ডের একটি সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম বাজানোকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানালেন…
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে জাতীয় গান ‘বন্দে মাতরম’।(Vande Mataram) ওয়াকফ বোর্ডের একটি সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম বাজানোকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানালেন কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা তথা মুতাহিদা মজলিস-ই-উলামা (এমএমইউ)-র প্রধান মিরওয়াইজ উমর ফারুক।
তাঁর নেতৃত্বাধীন এই ধর্মীয় সংগঠনের দাবি, বন্দে মাতরমের মধ্যে মাতৃভূমিকে দেবী হিসেবে কল্পনা করার বিষয়টি রয়েছে, যা ইসলামের মৌলিক একেশ্বরবাদী বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সরকারি অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা অন্য কোনও জনসমক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই গান জোর করে গাওয়ানো বা বাজানো বন্ধ করতে হবে। প্রয়োজনে আইনি পরামর্শ নিয়ে প্রশাসনের কাছে আনুষ্ঠানিক আবেদনও জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি। ঘটনাকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক ও ধর্মীয় মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আরও দেখুনঃ বিদেশ যাত্রায় বাধা! হাইকোর্টের দ্বারস্থ সৌরভ
ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে শ্রীনগরে জম্মু-কাশ্মীর ওয়াকফ বোর্ডের আয়োজিত ওয়াকফ দিবসের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম বাজানো হয়। আর তাতেই আপত্তি ওঠে মুতাহিদা মজলিস-ই-উলামার তরফে। সংগঠনটির বক্তব্য, শুধুমাত্র সরকারি অনুষ্ঠান হওয়ার কারণে সেখানে বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক ছিল না।
এটি ঐচ্ছিক হওয়া সত্ত্বেও ওয়াকফ বোর্ড গানটি বাজিয়ে (Vande Mataram)কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করেছে। এর ফলে বহু মানুষের মনে আঘাত ও ক্ষোভ তৈরি হয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, সরকারি অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য জনসমাবেশে বন্দে মাতরমের বাধ্যতামূলক ব্যবহার বন্ধ করার দাবি জানিয়ে প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করা হবে।
কেন এই গানের বিরোধিতা, তার ব্যাখ্যাও দিয়েছে এমএমইউ। তাদের বক্তব্য, ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস হল তাওহিদ, অর্থাৎ একমাত্র আল্লাহর উপাসনা করা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। কোনও ব্যক্তি, বস্তু কিংবা ভূমিকে ঈশ্বরত্ব বা দেবত্ব প্রদান করা ইসলামের বিশ্বাসের পরিপন্থী। সংগঠনটির দাবি, বন্দে মাতরমে ভারতমাতাকে হিন্দু দেবদেবীর প্রতীকে কল্পনা করার বিষয়টি রয়েছে।
মাতৃভূমিকে ভালোবাসা এবং মাতৃভূমির উপাসনা করা এক বিষয় নয়। (Vande Mataram)ইসলাম নিজের দেশকে ভালোবাসতে উৎসাহিত করলেও দেশকে দেবত্ব প্রদান বা উপাসনার বিষয়টি অনুমোদন করে না। তাই এই গান বাধ্যতামূলকভাবে গাওয়া মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে সংগঠনটি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও আগে বন্দে মাতরমের বাধ্যতামূলক পরিবেশনের বিরোধিতা করেছে বলে নিজেদের বিবৃতিতে উল্লেখ করেছে এমএমইউ।
এই বিতর্কে রাজনৈতিক মহল থেকেও একাধিক প্রতিক্রিয়া সামনে এসেছে। জম্মু-কাশ্মীরের আপ্নি পার্টির প্রধান আলতাফ বুখারি জানিয়েছেন, ওয়াকফ বোর্ডের অনুষ্ঠানে বন্দে মাতরম রাখা উচিত হয়নি। তাঁর বক্তব্য, মুসলিমদের এই গান গাওয়া নিয়ে ধর্মীয় আপত্তি রয়েছে। তাই আয়োজকদের বিষয়টি বিবেচনা করে গানটি বাদ দেওয়া উচিত ছিল।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্সের নেতা বশির আহমেদ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপি ইচ্ছাকৃতভাবে বন্দে মাতরমের মতো বিষয়কে সামনে এনে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে চাইছে। ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ায় সেখানে এই গান বাজানোর প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি।
বশির আহমেদ আরও অভিযোগ করেছেন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বিজেপি নেত্রী দারাখশান আন্দ্রাবি এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে শ্রীনগরের হজরতবল দরগার সংস্কারকাজের স্মারকফলকে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ খোদাই করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন একাংশের উপাসক।
সেই ফলকে দারাখশান আন্দ্রাবির নাম থাকায় ক্ষোভ আরও বেড়েছিল বলে দাবি করা হয়। এবার ওয়াকফ বোর্ডের অনুষ্ঠানে বন্দে মাতরম বাজানোকে কেন্দ্র করে ফের বিতর্ক তৈরি হয়েছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে ওয়াকফ বোর্ড কিংবা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর তরফে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোমবার শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অব কাশ্মীরের (SKUAST-K) কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো ওয়াকফ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিরেন রিজিজু। এছাড়াও ছিলেন বিজেপি নেতা সতীশ পুনিয়া এবং ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিয়ান আলতাফ আহমেদ।
অনুষ্ঠানে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা (Vande Mataram)আরও ছয় মাস বাড়ানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সময়সীমা বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টের কাছেও আবেদন জানানো হবে বলে জানান তিনি। রিজিজুর বক্তব্য, প্রয়োজনীয় নথি দেখাতে না পারার কারণে কারও জমি বা সম্পত্তি জোর করে অধিগ্রহণ করা সরকারের উদ্দেশ্য নয়। বরং ওয়াকফ সম্পত্তি পরিচালনার ব্যবস্থায় স্বচ্ছতা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য।