Train: খড়্গপুরের ঠিক আগে চলন্ত ট্রেনে হঠাৎ বিকট শব্দ, আতঙ্কে কেঁপে উঠলেন যাত্রীরা | Stone pelting on running howrah superfast train near jgaragpur
মেদিনীপুর: ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা। বন্দে ভারত সহ একাধিক ট্রেনে এই ঘটনা আগে ঘটেছে। এবার হাওড়ার দিকে যাওয়ার সময় সুপারফাস্ট ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কেউ বা কারা! সজোরে আঘাত লাগলে ট্রেনের কাচ ফেটে যায়।
মঙ্গলবার বিকেলে হাওড়া-পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেসে পাথর হামলার (Stone Pelting) অভিযোগ ওঠে। যাত্রীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। অভিযোগ, পাথরের আঘাতে ভেঙে গিয়েছে ট্রেনের ডি-৮ কামরার একটি জানালার কাচ।
এদিন সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়্গপুর স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার আগে। সেই সময় কামরাতেই ছিলেন যাত্রীরা। চলন্ত ট্রেনে হঠাৎ করে বিকট শব্দ হওয়ায় চমকে ওঠেন যাত্রীরা। যাত্রীদের দাবি, ভারী ইটের টুকরো এসে পড়ে কামরার ভিতরে। কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভিতরে।
এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ট্রেনে থাকা যাত্রীরা। খড়্গপুর ডিভিশনের এক আধিকারিক বলেন, “খড়্গপুর স্টেশনে ঢোকার আগে এমন একটি ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি।”
২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে হিসেব সামনে এসেছিল, তাতে দেখা যায় ট্রেনে পাথর ছোড়ার মোট ১৬৯৮ টি অভিযোগ দায়ের হয়েছে। মাত্র ৬ মাসে অতগুলি ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে ‘জিরো-টলারেন্স অ্যাপ্রোচ’ নেয় রেল। গোটা বিষয়টায় রেল আরও কড়াভাবে নজরদারি শুরু করার কথা জানায়। রেলের তরফ থেকে বলা হয়, রেলের এইরকম ক্ষতিকে মোটেই মেনে নেওয়া হবে না ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে।